২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনের চিঠি ওয়াশিংটনের নবতম দ্রষ্টব্য!

সময়মত মেয়ের স্কুল ধরতে অতিথি ভবন ব্লেয়ার হাউসে নির্ধারিত সময়ের কয়েকদিন আগে উঠতে চেয়েও পারেননি প্রেসিডেন্ট নির্বাচিত বারাক ওবামা। ব্যাপারটা নিশ্চিত করতে তাই শেষ পর্যন্ত উঠলেন কাছেরই এক হোটেলে। ওদিকে জানা গেছে যার নামে ব্লেয়ার হাউসের আগে থেকেই বুকিং সেই বিশেষ ব্যক্তিটিরও পরিচয়। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন আরশাদ মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 01:42 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ওয়াশিংটন ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুুক্তরাষ্ট্রের রাজধানীতে আকর্ষণের অভাব নেই। লিংকন মেমোরিয়াল, জেফারসন মেমোরিয়াল, সুবিখ্যাত স্মিথসোনিয়ান আর অতি অবশ্যই - হোয়াইট হাউস। গত রোববার এখানকার দ্রষ্টব্যের দীর্ঘ তালিকায়- যদিও মূলত অস্থায়ীভাবে - যোগ হলো আরেকটি নাম: হে-অ্যাডামস হোটেল। হোয়াইট হাউসের বিপরীতে সিক্সটিন্থ স্ট্রিটে এর অবস্থান। বলে রাখা ভালো, হঠাৎ-আলোচিত এই হোটেলের চেহারায় আহামরি কিছু নেই। বাইরে থেকে তা দেখতে আশপাশের আর দশটা বাড়ির মতোই। তবে হ্যাঁ, খান্দানি বলে একটা পরিচিতি আছে এর। আর ১৯২০ সালে নির্মিত এ ভবন রাজধানীর অন্যতম পুরনো দালান। গত রোববার সন্ধ্যা থেকে পাল্টে গেছে হে-অ্যাডামস হোটেলের বাইরের দৃশ্য। পর্যটক আর স্থানীয় কৌতুহলী মানুষ তখন থেকেই ভিড় করছে হোটেলটির নতুন একদল বোর্ডারকে এক ঝলক দেখার আশায়। তারা আর কেউ নন, প্রেসিডেন্ট- নির্বাচিত বারাক ওবামা আর তার পরিবার। দুই মেয়ে মালিয়া আর শাসা যাতে বড়দিনের বন্ধের পর প্রথম দিনেই তাদের নতুন স্কুল সিডওয়েল ফ্রেন্ডসে যেতে পারে সেজন্যই একটু আগেভাগেই শিকাগোর বাড়ি ছেড়ে রাজধানীতে এসে উঠলো ওবামা পরিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের নিশ্চয়ই মনে আছে, ওবামা পরিবার এ উদ্দেশ্যেই একটু আগেভাগে উঠতে চেয়েছিল ওয়াশিংটনে প্রেসিডেন্সিয়াল গেস্ট হাউস ব্লেয়ার হাউস-এ। সাধারণত ২০ জানুয়ারির আনুষ্ঠানিক অভিষেকের পাঁচদিন আগে নতুন প্রেসিডেন্ট সপরিবারে সেখানে ওঠেন। ওবামা তার কিছু আগে উঠতে চাইলেও ইতিমধ্যেই বুক্ড থাকায় ১৫ তারিখের আগে ব্লেয়ার হাউস পাওয়া যাবে না বলে জানানো হয় ওবামাদের। ৪ জানুয়ারি থেকে বারাক ওবামা হে-অ্যাডামস হোটেলে উঠবেন এ কথা ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা থেকেই ভিড় জমতে থাকে বাইরে। এর ঘন্টাখানেক পর টিনটেড জানালাঅলা একটি কালো লিমুজিন হোটেলের সামনে এসে হাজির হয়। পেছনে নিরাপত্তাকর্মীদের বহর। গাড়ির জানালা থেকে একঝলক বাইরে তাকিয়ে তার নতুন শহর ও প্রতিবেশিদের স্বাগত জানালেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সিক্রেট সার্ভিস অফিসার, তাদের মিশমিশে কালো বিশাল সব গাড়ি আর নিরাপত্তার ঘেরাটোপে দেখা যায় কি যায় না। নীরবে নিভৃতেই ঘটে গেল ব্যাপারটা। না কোনো ভাষণ, আচার-অনুষ্ঠান না সরকারি স্বাগত কমিটি। অনাটকীয় নিচু লয়ের চালচলনের জন্য পরিচিত ওবামা তার স্বভাবসুলভ কেতায়ই প্রবেশ করলেন ক্ষমতার কেন্দ্রভূমিতে। সমবেত লোকজনের বেশিরভাগই উল্লাসধ্বনি করে আর তালি দেয়। তাদের মধ্যে কয়েকজন আবার গাজায় চলমান ঘটনায় মার্কিন নীতির সমালোচনায় স্লোগানও দেয়। এসবের মধ্য দিয়ে কয়েক সেকেণ্ডের মধ্যেই ভেতরে নিয়ে যাওয়া হয় ওবামা পরিবারকে। ব্যাপারটা খুব সংক্ষেপে ঘটে গেলেও এর ঐতিহাসিক তাৎপর্য সবার নজর এড়ায়নি। কারো কারো জন্য এটি এক বহুল-প্রতীক্ষিত দিনের পথে যাত্রা শুরু। শহরের অনেক ওয়াকেবহাল নাগরিকের দৃষ্টিতে, এই উদ্যোগটি থেকেই ডালপালা মেলবে আরো হাজারো উদ্যোগ- সাবেক শাসকের অনেক অনুগত সরে দাঁড়াবে নতুনেরে ঠাঁই করে দিতে। শুরু হবে এক পালাবদলের পালা। এর আগে প্রেসিডেন্সিয়াল সীলমোহরঅলা এয়ার ফোর্সের বিমানে শিকাগো ছেড়ে রাজধানীর পথে ওড়েন ওবামা। বিমানে সঙ্গী সাংবাদিকদের জানান, শূন্য বাড়িটা ছেড়ে আসতে আবেগে বুক মুচড়ে উঠছিলো তার। জানালেন, মেয়ে মালিয়ার এক বন্ধু এসেছিল একেবারে ছোটবেলা থেকে দু'জনের ছবিতে ভরা একটা অ্যালবাম উপহার দিতে। ওয়াশিংটনে পাড়ি জমানোর জন্য সাগ্রহেই অপেক্ষা করছিলেন কীনা এ প্রশ্নের জবাবে বলেন ওবামা," হ্যাঁ, যদিও দুসপ্তাহ হোটেলে থাকতে হবে। আমরা গত বছর দুই সেভাবেই কাটিয়েছি একরকম।" দু'বছর ধরে নির্বাচনী প্রচারণায় আসলেই তা ঘটেছে। রাত সাড়ে সাতটা নাগাদ ওবামার গাড়িবহর যখন পোঁছায় ততক্ষণে হোটেল হে-অ্যাডাম পরিণত দুর্গম দূর্গে। ফুটপাত বরাবর বসানো হয় ইস্পাতের প্রতিবন্ধক। হোটেলের সব প্রবেশপথে ছিল দুই স্তরের কংক্রিট ব্যারিয়ার। শুক্রবার বিকেলের আগে হোটেল কর্তৃপক্ষ এমনকী ওবামাদের ওঠার খবর নিশ্চিত পর্যন্ত করতে চায়নি। অনেক চাপাচাপির পর হোটেলের এক মুখপাত্রের মুখ থেকে যা বের হয় তা হলো: "শীতে আমাদের স্যুইটগুলো থেকে হোয়াইট হাউসের ভিউটা দুর্দান্ত।" গাড়িবহর ওবামা পরিবারকে ঝটপট নামিয়ে দিয়ে চলে যাওয়ার পর অপেক্ষমানদের অনেকে বলেছে, তারা নেভি স্যুট আর নীল টাই পরা নতুন প্রেসিডেন্টকে এক ঝলক হলেও দেখেছে। তবে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দবিতে স্লোগানরতরাসহ অনেকে আদৌ কিছু দেখেনি। তবে চোখে যে যাই দেখে থাকুন, অনেকেই বলেছেন তারা অনাগত দিনগুলোতে তাদের সন্তান বা নাতি-নাতনিদের গর্ব করেই বলে যাবেন, অন্যরকম এক শীতসন্ধ্যার কথা যেদিন এক নতুন মার্কিন প্রেসিডেন্ট রাজধানীতে এসে পৌঁছেছিলেন তার প্রথম রাতটি কাটাতে। ব্লেয়ার হাউসের মিস্ট্রি গেস্ট অবশেষে জানা গেছে কে বা কার জন্য ওবামা পরিবারের ভাগ্যে নির্ধারিত সময়ের একটু আগে ব্লেয়ার হাউসের আতিথ্য জোটেনি। হোয়াইট হাউস বলেছে বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের নামেই বুক করা ছিল ব্লেয়ার হাউস। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন বিদায়ী ও নতুন প্রেসিডেন্টের মধ্যে এ নিয়ে কোনো মনকষাকষি হয়নি। তিনি বলেন, জন হাওয়ার্ডকে আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল বলেই ওবামা পরিবারের সেখানে ওঠা সম্ভব ছিল না। নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়ে জানিয়েছে, হাওয়ার্ড আগামী ১২ জানুয়ারি রাত ব্লেয়ার হাউসে কাটাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯৩১ঘ.