২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীড় নেই বলে পরিচিত পাখিরা ফিরছে না আর

ক্রমান্বয়ে আবাসস্থলের বিনাশের কারণে বিশ্বের অতিপরিচিত পাখিগুলোর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে বলে বার্ডলাইফ ইন্টারন্যাশনালের এক জরিপে জানা গেছে। সংস্থাটির বরাত দিয়ে বিবিসি এখবর দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহমিদা ফারজানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

লন্ডন, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমান্বয়ে আবাসস্থলের বিনাশের কারণে বিশ্বের অতিপরিচিত পাখিগুলোর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে বলে বার্ডলাইফ ইন্টারন্যাশনালের এক জরিপে জানা গেছে। সংস্থাটির বরাত দিয়ে বিবিসি এখবর দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহমিদা ফারজানা। ২০১০ সালের মধ্যে জীব বৈচিত্র্যের ধ্বংসের মাত্রা কমিয়ে আনতে প্রতিশ্র"ত অর্থ বরাদ্দে বিভিন্ন দেশের সরকারের ব্যর্থতার সমালোচনাও করা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। পাখির অবস্থা জানতে পরিচালিত এ প্রতিবেদনে আরো বলা হয়, জনগণের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে পরিচিত বলে মনে করা হত যে পাখিগুলোকে, বিশ্বের সব জায়গাতেই তার সংখ্যা কমে যাচ্ছে। জরিপে জানা যায়, ইউরোপের পরিচিত পাখিগুলোর মোট সংখ্যার ৪৫ শতাংশ হারিয়ে গেছে, যেভাবে কমেছিল ৮০ শতাংশেরও বেশি জলচর প্রজাতি। ইউরোপের ১২৪ প্রজাতির পাখির ওপর করা এক বিশ্লেষণ থেকে জানা যায়, গত ২৬ বছরে ২০টি দেশে ৫৬ প্রজাতির পাখির সংখ্যা কমে গেছে। স্থলভাগের পাখিগুলোই এক্ষেত্রে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ঘুঘুর সংখ্যাই ৭৯ শতাংশ কমে গেছে। আফ্রিকায় শিকারি পাখিগুলো সংরক্ষিত এলাকার বাইরে অগুনতি হারে কমছে। আর এশিয়ার ভ্রমনশীল (অতিথি পাখির) জলচর পাখির ৬২ শতাংশই হারিয়ে যাচ্ছে বা ইতোমধ্যে হারিয়ে গেছে। এক সময় ভারতের খুব পরিচিত শকুনের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে ৯৯.৯ শতাংশ কমে গেছে। বৈশ্বিক এ জরিপে আরো জানা যায়, দুর্লভ পাখিগুলো ক্রমান্বয়ে ঝুঁকির সম্মুখীন হচ্ছে। গড়ে প্রতি আটটি পাখির মধ্যে একটি পাখি (১ হাজার ২২৬টি প্রজাতি) হুমকির সম্মুখীন। এদের মধ্যে ১৯০ প্রজাতির পাখি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। প্রতিবেদনের প্রধান সম্পাদক এবং বার্ডলাইফ ইন্টারন্যাশনালের বিজ্ঞানবিষয়ক প্রধান আলি স্ট্যাটারসফিল্ড এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, "বছরের পর বছর ধরে মানুষের কর্মকাণ্ড পাখিদের জীবনযাত্রাকে হুমকিগ্রস্ত করে তুলেছে।" বিভিন্ন জরিপের তথ্য একত্রিত করে গবেষক দল সারাবিশ্বের পাখিদের জীবনযাত্রাকে প্রভাবিত করার পেছনের বেশ কিছু কারণ শনাক্ত করেছেন। স্ট্যাটারসফিল্ড বলেন, "প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, শুধু পাখিদের জীবনযাত্রা নয়, জীববৈচিত্র্যের ওপরও পরিবেশ বিপর্যয়ের ব্যাপক প্রভাব রয়েছে।" তিনি বলেন, ভূমি ব্যবহারের পরিবর্তিত ধারা এবং ব্যাপক কৃষিকাজের মত জানা কারণগুলোর মধ্যে নির্দিষ্ট একটি কারণকে এরজন্য দায়ী করা সম্ভব নয়। তিনি মনে করেন, কারণগুলো খুবই জটিল প্রকৃতির। ভ্রমণরত পাখিদের কথা বলা যেতে পারে। খবর পাওয়া যাচ্ছে, এধরনের পাখি কমছে। বিশেষকরে ইউরোপ ও আফ্রিকার মধ্যে পরিভ্রমণরত পাখিদের সংখ্যা। এসব ক্ষেত্রে কেবল পাখির জন্মস্থলের পরিস্থিতি বুঝলেই চলবে না, বুঝতে হবে পনিৎরভ্রমণ অঞ্চলের পরিস্থিতিও। জরিপের ফলাফলে বিভিন্ন উপায়ে পাখি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। স্ট্যাটারসফিল্ড বলেন,"স্বতন্ত্র কোন প্রজাতি বা এলাকার প্রতি খেয়াল রাখাই যথেষ্ট নয়, আমাদের চারপাশকে প্রভাবিত করে এমন কিছু নীতিমালা এবং কর্মকাণ্ডের ওপরও আমাদের চোখ রাখা উচিত।" ভারতে শকুন বিলুপ্তির বিভিন্ন কারণের মধ্যে একটি হল ডিক্লোফেনাক নামক গবাদিপশুর ওষুধ। মৃত গবাদিপশুর মাংস খাওয়ার পর শকুনের শরীরে এ ওষুধের বিষক্রিয়া ঘটে। স্ট্যাটারসফিল্ড একে প্রকৃত অর্থেই মর্মান্তিক ঘটনা বলে মনে করছেন। তিনি আরো বলেন, "চার বছর আগে আমরা নিশ্চিত ছিলাম না যে পাখির সংখ্যা নাটকীয়ভাবে কমে যাওয়ার পেছনের কারণ কী। এটি এত দ্রুত ঘটেছে যে, মানুষ ধারণাও করতে পারেনি কী হয়েছে।" "বিষয়টি ধরা পড়ার পর থেকে ভারতে গবাদিপশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহার বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। যদিও স্থানীয়ভাবে এটি বিক্রি হচ্ছে এবং এ সমস্যা সমাধানে স্থানীয় উদ্যোগ নেয়া উচিত।" অ্যালবাট্রোসের ঘটনাটাও খুব পরিচিত। মাছ ধরার জালের সঙ্গে জড়িয়ে অ্যালবাট্রোসের মারা যাওয়ার ঘটনা প্রায় ঘটে থাকে। ধীর প্রজননক্ষম এই পাখি বছরে প্রায় লাখের কাছাকাছি ডুবে মরছে। অ্যালবট্রোসকে এ ধরণের ঝুঁকি থেকে রক্ষার জন্য স্থানীয়বাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। স্ট্যাটারসফিল্ড বলেন, "এ ধরণের উদাহরণ থেকে বোঝা যায় যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ সনাক্ত করা যেতে পারে।" তবে কারণ খুঁজে বের করার চেয়ে তা প্রতিরোধ করাই শ্রেয় মনে করেন তিনি। তার মতে,"আমরা চাই এ প্রতিবেদনের মাধ্যমে যতটুকু সম্ভব জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলোকে স্পষ্ট করে তুলতে এবং পাখি ও জীব বৈচিত্র্য রক্ষা করতে বিভিন্ন পদক্ষেপগুলো উপস্থাপন করতে।" জীব বৈচিত্র্য রক্ষায় আরো বেশি করে অর্থ প্রদান করতে বিভিন্ন দেশের সরকারকে বার্ডলাইফ ইন্টারন্যাশনাল আহ্বান জানাবে বলেও তিনি জানান। এদিকে বার্ডলাইফের প্রধান নির্বাহী ড. মাইক র‌্যান্ডস বলেন,"জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপের ব্যয় সহজেই বহন করা যায়।" তার হিসেব মতে, আফ্রিকার মোট জীববৈচিত্র্যের ৯০ শতাংশ রক্ষা করতে বার্ষিক এক বিলিয়ন ডলারেরও কম খরচ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১৫১১ ঘ.