আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "আমি চিরতরে দূরে চলে যাবো/ তবু আমারে দেবো না ভুলিতে ..." তার এক গানে লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। মৃত্যুর ৩২ বছর পরও বাঙালির সমাজ ও রাজনীতিতে তার প্রভাব ও প্রাসঙ্গিকতা ওই বাণীর যথার্থতাই প্রমাণ করে।
কী বিদ্রোহে, কী প্রেমে এখনো বাঙালি শরণাপন্ন হয় তার। বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামসহ জাতির সকল ক্রান্তিলগ্নে তার কবিতা ও গান যুগিয়েছে অফুরাণ প্রেরণা।
বাংলা সন অনুযায়ী বুধবার জাতীয় কবির ৩২তম মৃত্যুবার্ষিকী। বঙ্গাব্দ ১৩৮৩ 'র ১২ই ভাদ্র ( ১৯৭৬ সালের ২৯ আগস্ট) তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
নজরুল বাংলা কবিতায় ও গানে প্রথম শব্দ ও সুরের আগুন ছড়িয়ে দেন। ১৯২২ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কবিতা 'বিদ্রোহী'। ব্রিটিশ রাজের ভিত্ কেঁপে উঠেছিল তার অগ্নিগর্ভ কবিতার বর্জনির্ঘোষে। ব্রিটিশবিরোধী লেখার জন্য বেশ কয়েকবার কারারুদ্ধ হতে হয়েছে তাকে। নিষিদ্ধ করা হয়েছে তার কয়েকটি বই।
ভারতবর্ষের রাজনৈতিক মুক্তির অন্যতম শর্ত যে হিন্দু মুসলমানের ঐক্য সে কথা তার মতো করে আর কেউ বোঝেননি। আজীবন তার সাহিত্য সাধনায় ও জীবনাচরণে সেই ঐক্যেরও সাধনা করে গেছেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন মুক্তি ও মানবতার অন্যতম প্রতীক নজরুল। সাহিত্যকে তিনি নিয়ে গেছেন সাধারণ মানুষের কাছে।
অন্যান্য সাহিত্যচর্চার পাশাপাশি সঙ্গীতেও সমৃদ্ধ করেছেন তিনি বাংলা সংস্কৃতিকে। বাংলা গানে সুরের যে বৈচিত্র্য তিনি তৈরি করেছেন তার কোন তুলনা নেই।
মাত্র ২২ বছরের সাহিত্যজীবনে তিনি অসংখ্য কবিতা, গান, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার পাশাপাশি বেশ কিছু পত্রিকার সম্পাদনাও করেছেন। চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই বৈচিত্রপিয়াসী কবি।
আরো অনেক অমিত প্রতিভাবানের মতোই অনিয়ন্ত্রিত ছিল কবির জীবনাচরণ। তাছাড়া প্রতিভা আর খ্যাতির তুঙ্গে উঠলেও সময়ে সময়ে তীব্র দারিদ্র সইতে হয়েছে। এ দুটির ফলশ্র"তিতে চল্লিশের দশকের শুরু থেকে জটিল বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করেন বিদ্রোহী কবি। এক পর্যায়ে বাকশক্তি পর্যন্ত হারান তিনি। বন্ধ হয়ে যায় লেখনী। এ সময় তিনি ছিলেন কোলকাতায়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ২৪ মে অসুস্থ কবি ও তার পরিবারকে নিয়ে আসা হয় ঢাকায়। এর কিছুদিন পর তাকে জাতীয় কবি ঘোষণা করা হয়। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর বিশেষ সমাবর্তনের মাধ্যমে তাকে সম্মানসূচক 'ডিলিট' উপাধিতে ভূষিত করে।
১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় নজরুলকে। সে বছরই ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূ হয় মানবতা ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের।
জাতীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পাশে।
১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।
দিবসটি পালনে ঢাকাসহ দেশব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে আছে সকালে কবির সমাধিতে পুম্পমাল্য অর্পণ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/এমএইচবি/২০৪১ ঘ.
bdnews24