২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসব শুরু ২৫ জুলাই

ঢাকার ৪০০ বছর পূর্তিতে আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে দু'বছরব্যাপী উৎসব 'ঢাকা আমার ঢাকা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ৪০০ বছর পূর্তিতে আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে দু'বছরব্যাপী উৎসব 'ঢাকা আমার ঢাকা'। বুধবার দুপুরে ঢাকা ক্লাবে গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভায় আয়োজক সংগঠন 'ঢাকা-৪০০ বছরপূর্তি উৎসব নাগরিক কমিটি' এর পক্ষ থেকে সমন্বয়ক সাগর লোহানী উৎসবের সময়সূচি ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 'বুড়িগঙ্গা ঢাকার প্রাণ, একে আমরা বাঁচাবোই'- এই স্লোগান নিয়ে দিনব্যাপী 'কার্নিভাল' এর মাধ্যমে 'ঢাকা আমার ঢাকা' উৎসবের উদ্বোধন হবে। কার্নিভালকে চারটি ভাগে ভাগ করে প্রতিটি ভাগে ঢাকার ১০০ বছরের ইতিহাস উপস্থাপন করা হবে। বাহাদুর শাহ পার্কে শুরু হয়ে এ কার্নিভাল শেষ হবে জাতীয় সংসদ ভবন চত্বরে। সাগর লোহানী বলেন, "বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো এতো বড় মাপের অনুষ্ঠান হতে যাচ্ছে।" উৎসবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হবে। দেশি-বিদেশি নদী ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা এসব সেমিনারে অংশ নেবেন। দু'বছরব্যাপী অনুষ্ঠানমালায় আরও থাকছে- পুরোনো গাড়ির র‌্যালি; চিত্রকর্ম, পোশাক ও খাবারের প্রদর্শনী; মাসব্যাপী ঢাকা মেলা; বইমেলা; যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী; গানের আসর ইত্যাদি। উৎসবে ঢাকার শিশু-কিশোরদের জন্য থাকছে সাংস্কৃতিক, চিত্রাঙ্কন ও ধাঁধা প্রতিযোগিতা এবং সামাজিক সচেতনামূলক বিভিন্ন অনুষ্ঠান। খেলাধুলারও আয়োজন থাকছে উৎসবে। ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট ও সাইকেল র‌্যালির আয়োজন করবে নাগরিক কমিটি। ঢাকার ঐতিহ্যবাহী কোনো একটি স্থাপত্য নিদর্শনকে মূল নকশা অনুযায়ী পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও সাগর লোহানী জানান। শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, ঢাকা ইতিহাস গবেষণা কেন্দ্রের পরিচালক হাশেম সুফি, নাট্যকার সাইদ আহমেদ, প্রবীণ সাংবাদিক ফয়েজ আহমেদ ও ঢাকা ক্লাবের সভাপতি সাদাত সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন স্থপতি রবিউল হুসাইন। মত বিনিময় সভায় গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক আবেদ খান, বাসস প্রধান সম্পাদক জগলুল আহমেদ চৌধুরী, বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তফা, সাংবাদিক মদন সাহু, সৈয়দ বদরুল আহসান, শাহীন রেজা নূর, খায়রুল আনোয়ার প্রমুখ। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/১৯৩২ ঘ.