ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রথিতযশা শিল্পী সফিউদ্দীন আহমেদের ৮৬তম জন্মবার্ষিকীতে সোমবার বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে তার একক চিত্রকলা প্রদর্শনী। প্রচারবিমুখ এই গুণী শিল্পীর দেশে এটাই প্রথম একক প্রদর্শনী।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস আয়োজন করেছে 'রেখার অশেষ আলো' (ঞযব খরসরঃষবংং খঁসরহড়ংরঃু ড়ভ ষরহবং) শীর্ষক এ চিত্রকলা প্রদর্শনী।
অসুস্থতার কারণে অবশ্য শিল্পী নিজে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
সোমবার সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন এবং বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশিত 'সফিউদ্দীন আহমেদের রেখাচিত্র' শীর্ষক একটি সংকলনের মোড়ক উন্মোচন করেন সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মুস্তাফা নূরুল ইসলাম, শিল্পী কাইয়ূম চৌধুরী এবং এই প্রদর্শনীতে সহযোগিতায় থাকা ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ ই এ মুহাইমেন।
শিল্পী সফিউদ্দীন আহমেদের পাঠানো লিখিত বক্তব্য পড়ে শোনান অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
লিখিত বক্তব্যে শিল্পী বলেন, "শিল্পের চর্চা সবসময়ই আমার কাছে সাধনার ব্যাপার। প্রচারের মধ্যে গেলে সাধনায় ব্যাঘাত ঘটবে মনে করে প্রচারের মধ্যে যাইনি। আমার সারাজীবনের সাধনা এ পর্যায়ে এসে কী রূপ নিয়েছে তা দর্শকের সামনে তুলে ধরা উচিত বলে মনে হওয়ায় এই এক্সিবিশন।"
বিচারপতি হাবিবুর রহমান বলেন, "যে সাঁওতাল মেয়ে দেখেনি তার জীবন বৃথা। তবে সফিউদ্দিন আহমেদের আঁকা ছাপচিত্র দেখলে এই না দেখা কিছুটা হলেও পূর্ণ হবে।"
শিল্পীর ছাত্র শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, "তার চিত্রকর্ম সম্পর্কে আমার বলার কিছু নেই, ধৃষ্টতাও নেই। তার চিত্রকর্মের যে বিশালতা, বলিষ্ঠতা ও ব্যাপকতা এবং ড্রইংয়ে রংয়ের প্রলেপ, যেভাবে লাইন টেনেছেন তা শুধু অনুধাবন করার বিষয়।"
তিনি বলেন, "প্রদর্শনীতে আনা তার ড্রইংগুলোতে রংয়ের কোনো উচ্ছ্বাস নেই, সবগুলোই সাদা-কালোয় আঁকা। তবে এই সাদা-কালো দিয়েই তিনি যে খেলা করেছেন তা অত্যন্ত সুন্দর।"
২১ দিনব্যাপী প্রদর্শনীতে সফিউদ্দিন আহমেদের শিল্পীজীবনের বিভিন্ন পর্যায়ের বাছাই করা ৮৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে পেয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। উপস্থিত ছিলেন শিল্পীর স্ত্রী আঞ্জুমান আরা আহমেদ ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
উদ্বোধনী দিনে প্রদর্শনীস্থল লোকারণ্য হয়ে ওঠে। প্রদর্শনী আগামী ১৩ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
বেঙ্গল শিল্পালয়ের অবস্থান ধানমন্ডির পুরনো ২৭ নম্বর সড়কের মাঝামাঝি ২৭৫/এফ বাড়িতে।
শিল্পী সফিউদ্দিন আহমেদ ১৯২২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪২ সালে কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অব আর্টস্ অ্যান্ড ক্র্যাফট্ থেকে এচিং ও এনগ্রেভিং-এ ডিপ্লোমা অর্জন করেন। ১৯৪৮ থেকে '৭৯ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
একুশে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারসহ তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন। কলকাতা অ্যাকাডেমি অব ফাইন আর্টস তাকে 'অ্যাকাডেমি প্রেসিডেন্ট পদক' দিয়েছে, আরও পেয়েছেন ভারতের পাটনার 'দ্বারভাঙ্গা মহারাজা স্বর্ণপদক' এবং পাকিস্তান সরকারের 'প্রেসিডেন্ট পদক'।
এর আগে সফিউদ্দিন দেশে-বিদেশে কয়েকটি দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/আরবি/এমএইচবি/২১২৫ ঘ.
bdnews24