ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা নগরীর চারশ বছর পূর্তি উপলক্ষে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দু'বছরব্যাপী উৎসব। 'ঢাকা আমার ঢাকা' শিরোনামের এ উৎসবের শ্লোগান ঠিক করা হয়েছে- 'বুড়িগঙ্গা ঢাকার প্রাণ, একে আমরা বাঁচাবোই'।
মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে 'ঢাকা- ৪০০ বছরপূর্তি উৎসব নাগরিক কমিটি'র সভায় উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা দেন কমিটির সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী।
তিনি বলেন, "ঢাকা উৎসব শুধু নস্টালজিয়ায় আক্রান্ত হওয়া নয়, শুধুস্মৃতিবিধুরতা নয়; এ উৎসবের মাধ্যমে ঢাকার ইতিহাস ও গৌরবকে সামনে এনে আগামীতে কর্মদ্যোগী হতে হবে।"
সভার সূচনা বক্তব্যে সাংবাদিক কামাল লোহানী ঢাকার ইতিহাস তুলে ধরে বলেন, "১৬০৮ সালে নগর হিসেবে ঢাকার যাত্রা শুরু। সে অনুযায়ী ২০০৮ সালে এর চারশ' বছরপূর্তি হতে যাচ্ছে। তবে মতান্তরে ১৬১০ সালে যাত্রা শুরু হয় ঢাকার। আমরা ২০০৮ সাল থেকেই অনুষ্ঠান শুরু করছি এবং এটা চলবে ২০১০ সাল পর্যন্ত।"
সভায় কমিটির সমন্বয়ক সাগর লোহানী দু'বছরব্যাপী ঢাকা উৎসবের কর্মসূচির খসড়া উপস্থাপন করেন।
তিনি জানান, উৎসবের মূল লক্ষ্য হবে মৃতপ্রায় ঢাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ ঠিক করা। উৎসবে প্রায় দশ কোটি টাকা ব্যয় হতে পারে।
জুলাইয়ের শেষ সপ্তাহে দিনব্যপী 'কার্নিভাল' এর মাধ্যমে 'ঢাকা আমার ঢাকা' উৎসবের উদ্বোধন হবে জানিয়ে সাগর লোহানী বলেন, "কার্নিভালকে চারটি ভাগে ভাগ করে প্রতি অংশে ঢাকার একশ' বছরের ইতিহাস উপস্থাপন করা হবে। কার্নিভালটি বাহাদুর শাহ পার্কে শুরু হয়ে জাতীয় সংসদ ভবন চত্বরে গিয়ে শেষ হবে। উৎসবে ঢাকার ঐতিহ্য, ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক চরিত্রগুলোকে তুলে ধরা হবে।"
উৎসবের দু'বছর ব্যাপী খসড়া কর্মসূচির মধ্যে আছে- পুরোনো গাড়ির র্যালি, চিত্রকর্ম-আলোকচিত্র ও প্রথার প্রদর্শনী, খাবার প্রদর্শনী, মাসব্যাপী ঢাকা মেলা, বইমেলাসহ বিভিন্ন প্রদর্শনী। শিশু-কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, চিত্রকর্ম প্রতিযোগিতা, আন্তঃস্কুল প্রতিযোগিতা সামাজিক সচেতনামূলক বিভিন্ন অনুষ্ঠানও থাকবে সেখানে।
সাগর লোহানী জানান, ঢাকার ৪০০ বছরকে ঘিরে বিভিন্ন সেমিনার আয়োজন করা হবে। নদী ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা উপস্থিত থাকবেন সেখানে।
বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, "টেমস নদীও এক সময় খারাপ অবস্থায় ছিল। সেই নদীকে সজীব করে তোলার অভিজ্ঞতা বুড়িগঙ্গার ক্ষেত্রে কাজে লাগানো যায় কিনা তা খতিয়ে দেখা হবে।"
মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরতে মুক্তিযুদ্ধ জাদুঘরকে উৎসব কমিটির সঙ্গে একযোগে করতে অনুরোধ করা হয়েছে বলে জানান সাগর লোহানী।
সভায় উৎসব সম্পর্কে বিভিন্ন প্রস্তাব রেখে বক্তব্য দেন- বিচারপতি গোলাম রব্বানী, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদ কবীর বীরপ্রতীক, শিল্পী হাশেম খান, ড. শামসুজ্জামান, মানবাধিকার কর্মী সুলতানা কামাল, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক আলী আসগর, স্থপতি রবিউল হুসাইন প্রমুখ।
উৎসব সম্পর্কে যে কোনো মতামত পাঠাতে অনুরোধ জানানো হয় কমিটির পক্ষ থেকে। ঢাকার বনানীর ২ নম্বর সড়কের ৩৬ নম্বর বাড়ির ঠিকানায় ওই মতামত পাঠানো যাবে। উৎসব কমিটির ওয়েবসাইট হলো- িি.িফযধশধধসধৎফযধশধ.পড়স এবং ইমেইল ঠিকানা- রহভড়@ফযধশধধসধৎফযধশধ.পড়স।
সভায় সাংবাদিক ফয়েজ আহমেদ, অধ্যাপক মুস্তফা নুর-উল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, শিল্পী মর্তুজা বশির, ড. জিল্লুর রহমান সিদ্দিকী, কথাসাহিত্যিক রশীদ হায়দার, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, অনলাইন সংবাদপত্র ও বার্তাসংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী খুশী কবীর, ড. মীজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/২১০৭ ঘ.
bdnews24