ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটু ভাবুনতো, ব্যক্তিগত কাপড়-চোপড় রাখার একটি ছোট্ট আলমিরাতে কারো পক্ষে দিনের পর দিন বাস করা কি সম্ভব? অথচ এমনই একটি খুপরিতে একদিন-দুদিন নয়, বছরের বেশি সময় সবার চোখ ফাকি দিয়ে কাটিয়ে দিয়েছেন ৫৮ বছরের গৃহহীন এক জাপানি বৃদ্ধা। দেশটির দক্ষিণাঞ্চলের কাসুয়া শহরে ঘটেছে এ ঘটনা। গার্ডিয়ান অবলম্বনে বিস্তারিত।
দিনের পর দিন খাবার খোয়া যাওয়ায় বাড়ির মালিকের সন্দেহ হওয়ার কয়েক মাসের মাথায় বৃদ্ধা ধরা পড়েন। তবে এ জন্য বাড়ির মালিককে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
ঘরের বিভিন্ন কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে রীতিমত গোয়েন্দাগিরি করতে হয়েছে দিনের পর দিন। ক্যামেরা থেকে মোবাইলে ছবি পাঠানোরও ব্যবস্থা করা হয়।
এ ব্যবস্থায় শেষমেশ সফল হন বাড়ির মালিক। কয়েকমাস আগে তিনি মোবাইলের স্ক্রিনে দেখতে পান- খাবারঘর থেকে কেউ একজন খাবার নিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার ঘর থেকে বের হওয়ার পর আবারো মোবাইলে মানুষের ঘোরাঘুরির চিত্র ভেসে উঠলে তাৎক্ষণিক খবর দেওয়া হয় পুলিশে। তবে ফিরে আসার পর পুলিশ দেখতে পায় ঘরটির দরজা ভেতর থেকে বন্ধ। সঙ্গে জানালাও।
পুলিশ কর্মকর্তা হিরোকি ইতাকুরা জানান, দরজা খুলে তারা পুরো ঘর তন্নতন্ন করে খুঁজেও কাউকে পাননি। পরে ওই কাপড়-চোপড় রাখার আলমিরা খোলা হলে তারা দেখতে পান ভীত সন্ত্রস্ত্র এক বৃদ্ধা এরমধ্যেই লুকিয়ে আছেন।
ওই বৃদ্ধা জানিয়েছেন, প্রায় একবছর আগে তিনি কোথাও থাকার জায়গা না পেয়ে বাড়িটিতে ঢুকে পড়েন।
অবাক হওয়ার মতো ঘটনা হলো, গত একবছর ধরে ওই বৃদ্ধা গোসল থেকে শুরু করে প্রতিদিনকার যাবতীয় সব কাজকর্ম করেছেন স্বাভাবিকভাবে। ধরা পড়ার পর তিনি তা স্বীকারও করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমএ/১৯২৬ ঘ.
bdnews24