২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে চার দিনব্যাপী 'অমল সেন মেলা' শুরু

চার দিনব্যাপী 'অমল সেন মেলা' শুক্রবার নড়াইলে শুরু হয়েছে। প্রয়াত কমিউনিস্ট নেতা ও তেভাগা আন্দোলনের অন্যতম সৈনিক অমল সেনের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 07:35 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

নড়াইল, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনব্যাপী 'অমল সেন মেলা' শুক্রবার নড়াইলে শুরু হয়েছে। প্রয়াত কমিউনিস্ট নেতা ও তেভাগা আন্দোলনের অন্যতম সৈনিক অমল সেনের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। সকালে জেলা শহরের আউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 'অমল সেন মেলা' উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ। অমল সেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ছিলেন। আউড়িয়ায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল কবির জাহিদ বলেন, "কমরেড অমল সেন ছিলেন গণমানুষের নেতা। উপমহাদেশের কৃষক, শ্রমিকের দাবি আদায়ের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। তিনি যে সংগ্রাম করে গেছেন, তা এখনও শেষ হয়নি। অমল সেনের জীবন থেকে শিক্ষা নিয়ে তার আদর্শ বাস্তবায়নে মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিজেদেরকে সামিল করার শপথ নিতে হবে আমাদের।" মেলা উদযাপন কমিটি সভাপতি মুন্সী আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক হাফিজুর রহমান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। চার দিনের এ মেলার প্রথম দিনে সাইক্লিং এবং শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নানা রকমের গ্রামীণ খেলাধূলা, লোকজ গান ও আলোচনা সভার আয়োজনও রয়েছে। অমল সেন ১৯১৩ সালের ১৯ জুলাই আউড়িয়া গ্রামে জন্ম নেন। তিনি নড়াইলের বাকড়ি গ্রামে একটি সামন্ত পরিবারের সন্তান। কিন্তু সামন্ত ব্যবস্থার বিরুদ্ধেই সংগ্রাম করেছেন তিনি। এলাকায় বাসুদা নামেই পরিচিত ছিলেন তিনি। চিরকুমার অমল সেন জীবনের ১৯ বছর কারাগারে কাটান। ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ওয়ার্কার্স পার্টির সভাপতি ছিলেন অমল সেন। ২০০৩ সালের ১৭ জানুয়ারি তিনি মারা যান। অমল সেন স্মরণে তার পৈত্রিক বাড়িতে কয়েক বছর ধরে 'অমল সেন মেলা' নামে অপর একটি মেলা আয়োজিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৩ ঘ.