ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের শিল্পী জাভেদ জলিল ও ভারতের অভিজিত মুখার্জির চিত্রকর্ম নিয়ে রোববার গুলশানের একটি গ্যালারিতে শুরু হচ্ছে প্রদর্শনী 'ইউনিয়ন অব ইউনিকনেস'।
রোববার সন্ধ্যে সাড়ে ৬টায় ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন।
শনিবার 'আর্ট ক্লাব বাংলাদেশ' এর কিউরেটর নাহিদ ওসমান সাংবাদিকদের এ তথ্য জানান।
জাভেদ তার জলরঙে আঁকা ছবিগুলোর শিরোনাম দিয়েছেন 'ভাবনার গতি'। আর তেলরঙে আঁকা অভিজিতের ছবিগুলোর শিরোনাম 'শান্তি'।
'আর্ট ক্লাব বাংলাদেশ' এ জাভেদের আঁকা ৩৬টি এবং অভিজিতের ৩০টি ছবির এ প্রদর্শনী চলবে ৭ মে পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/
bdnews24