ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "এসো হে বৈশাখ, এসো এসো.. " আবাহন সঙ্গীতের মধ্য দিয়ে বৈশাখ এসেছে; শুরু হয়েছে বঙ্গাব্দ ১৪১৫। জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে নতুন প্রাণে সম্ভাবনার আলো জ্বালাতে এসেছে বৈশাখ, একটি নতুন মাস, একটি নতুন বছর। সোমবারের প্রথম সূর্যের হাত ধরে পুরনো দিনের সব হতাশা কাটিয়ে নতুন সম্ভাবনার আলোকিত পথের প্রতাশায় বর্ষবরণে উৎসবমুখর এখন দেশ। নানা আয়োজন তাই রাজধানীসহ সারাদেশে।
সোমবার ভোরে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয় বর্ষবরণের পর্ব। দীর্ঘকাল ধরে ছায়ানট এ অনুষ্ঠানটি করে আসছে। নগর জীবনে ছায়ানটের অনুষ্ঠান এখন অচ্ছেদ্য অঙ্গ। সকাল থেকেই নগরবাসীর সব পথ এসে মিলতে থাকে রমনায়। বর্ণিল সাজে সবাই নারী-পুরুষ-শিশুর মিছিল মিলিত হয় রমনায়। প্রচণ্ড ভিড়, তারপরও বর্ষবরণের উৎসবে শামিল হওয়ার সে উৎসাহে কমতি নেই। একই সঙ্গে রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন স্থানেও হয় বর্ষবরণের অনুষ্ঠান।
ছায়ানটের অনুষ্ঠানের পর নগরবাসীকে সবচেয়ে টানে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয় মঙ্গল শোভযাত্রা বাঘ, সিংহ, পেঁচা, বানর কুমির, সাপসহ বিশাল বিশাল সব প্রতিকৃতি ও মুখোশ নিয়ে সে শোভাযাত্রা ছিল রঙে রঙিন।
রমনা পার্কে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের পাশাপাশি এর আশপাশ ও সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান ও মেলা চলবে প্রায় দিনভর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের দিনব্যাপী অনুষ্ঠান চলবে।
চারুকলা থেকে আটটার সময় বের করা হয় মঙ্গল শোভা যাত্রা। মঙ্গলের আহ্বান এবং অশুভকে পরাজিত করার শপথ নিয়ে হাজার মানুষ এ মঙ্গল শোভা যাত্রায় অংশ নেয়। শোভাযাত্রায় অংশ নেওয়া কেউ কেউ মৌলবাদ, সা
bdnews24