ঢাকা, বৈশাখ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে নতুন প্রাণে সম্ভাবনার আলো জ্বালাতে এসেছে বৈশাখ, একটি নতুন মাস, একটি নতুন বছরের শুভ সূচনা। সোমবারের প্রথম সূর্যের হাত ধরে সূচনা ঘটছে নতুন বাংলা বছরের। শুভ নববর্ষ, স্বাগত ১৪১৫। পুরাতনকে বিদায় জানিয়ে নতুনের আবাহন করে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সুর মথিত হয় প্রতিটি বাঙালির হৃদয়ে-
আনন্দে আতঙ্কে মিশি-ক্রন্দনে উল্লাসে গরজিয়া
মত্ত হাহারবে
ঝঞ্ঝার মঞ্জীর বাঁধি উন্মাদিনী কালবৈশাখীর
নৃত্য হোক তবে।
ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত-আঘাতে
উড়ে হোক ক্ষয়
ধূলিসম তৃণসম পুরাতন বৎসরের যত
নিষ্ফল সঞ্চয়
সরকারি পঞ্জিকা মতে পহেলা বৈশাখ ১৪ এপ্রিল, আর সনাতনি পঞ্জিকার হিসেবে তা পড়ে এপ্রিলের ১৫ তারিখে। তবে এবার দু'হিসেবেই বাংলা নতুন বছর এসেছে ১৪ এপ্রিলে।
বৈশাখের আগমনে ঘুচে যায় অতীতের গতিহীন জীবনের দীনতা, জড়তা, মূঢ়তা, ক্লেদ, গ্লানি ও পাপ 'দূরান্তের পলাতক বলাকার ঝাঁকে'। নতুন বছরের আগমনে বাঙালির প্রত্যাশা- উড়ে যাক সব জঞ্জাল আর আবর্জনা, নিশ্চিহ্ন হোক অন্ধকার।
"এসো হে, বৈশাখ এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক "
ফেলে আসা বঙ্গাব্দ ১৪১৪ ছিল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানান অভাবিত ঘটনার একটি বছর। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে গত বছর বহুমুখী ঘটনার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই একটি বছরে দেশ পার করেছে তার ইতিহাসের অন্যতম সঙ্কটময় সময়। এ সময় যা কিছু খবর হয়েছে তার সবকিছুরই সামনে ছিল একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচনের প্রত্যাশা। নানান ঘটনা প্রবাহ এই প্রত্যাশার সঙ্গে কখনো কখনো যোগ করেছে অনিশ্চয়তাও। সেই প্রত্যাশা আর অনিশ্চয়তা নিয়েই আরেকটি নতুন বছর শুরু করতে যাচ্ছে এ জনপদের মানুষ।
'রোডম্যাপ' অনুসারে আগামী পৌষের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার বার রোডম্যাপ অনুসরণের প্রতিশ্র"তি দেওয়া হলেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বারবারই ঘুরপাক খেয়েছে মানুষের মনে।
বছরের শুরুতে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণ কলেবরে বাজেট ঘোষণা করলেও দুই দফা বন্যা আর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে শেষ পর্যন্ত দাতাগোষ্ঠীর সাহায্যের দিকেই তাকাতেই হচ্ছে দেশকে। একমাত্র রেমিটেন্স ছাড়া অর্থনীতির সবগুলো সূচকই আশঙ্কার কথা শোনাচ্ছে। সাধারণ জনগণকে এ বছর সবচেয়ে বেশি ভুগিয়েছে দ্রব্যমূল্যের মাত্রাহীন ঊর্ধ্বগতি।
একদিকে বিনিয়োগের পরিমাণ কমতে কমতে অর্থনীতি প্রায় স্থবির হতে বসেছে, অন্যদিকে কমছে মোট জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধি।
দুই দফা বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মারা গেছে তিন হাজারেরও বেশি মানুষ।
এ বছর বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে রাস্তায় নামে মানুষ। বিক্ষোভ ভাঙচুর আর সংঘর্ষের মধ্য দিয়ে দেশের সার্বিক অবস্থা নিয়ে অসন্তোষের প্রকাশ ঘটায় তারা।
অসন্তোষের একটি বড় প্রকাশ ঘটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থী ও সেনা সদস্যদের মধ্যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে। ২০ আগস্টের ওই ঘটনার জের ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়। ওই ঘটনার পর দেশের বিভিন্ন থানায় ৮২ হাজার মানুষকে আসামি করে ২৮টি মামলা দায়ের করা হয়। সব বিশ্ববিদ্যালয় ও বিভাগীয় শহরগুলোর সব কলেজ বন্ধ করে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষককে গ্রেপ্তার করে জরুরি বিধিমালা ভঙ্গ ও বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়। রাজশাহীর চার শিক্ষককে কারাদণ্ডও দেয় আদালত। পরে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির বিশেষ বিবেচনায় ওই চারজন মুক্তি পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককেও ক্ষমা করেন রাষ্ট্রপতি। বাকি একজন আদালতের রায়েই মুক্তি পান।
বাংলা বছরের শেষভাগে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন বেগ পেতে শুরু করে। নির্বাচনে যুদ্ধাপরাধীদের নিষিদ্ধ করার জন্যও নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় বিভিন্ন সংগঠন।
"তোরা সব জয়ধ্বনি কর/তোরা সব জয়ধ্বনি কর/ঐ নূতনের কেতন ওড়ে কাল বোশেখীর ঝড়।' কাজী নজরুলের এই সঙ্গীতের ভেতর দিয়েই নতুন বছরে সব অপ্রাপ্তি ভুলে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করবে বাঙালি।
রাজস্ব আদায়ের সুবিধার জন্য সম্্রাট আকবরের যুগে বৈশাখ থেকে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। বর্ষ শুরুর সেই দিনটিই এখন বাঙালির প্রাণের উৎসব। বাদশাহ আকবরের নবরত
bdnews24