ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উদ্যোগে রাজধানীর বাড্ডায় নির্মাণ করা হয়েছে স্বাধীনতার স্মারক স্তম্ভ 'বীরের প্রত্যাবর্তন'।
৬১ ফুট উচ্চতাবিশিষ্ট এ স্মারক স্তম্ভের গায়ে টেরাকোটায় উৎকীর্ণ হয়েছে ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতিহাস ও ইতিহাস নির্মাতা মহানায়কদের প্রতিকৃতি।
'বীরের প্রত্যাবর্তন' স্তম্ভটির স্থপতি সুদীপ্ত মল্লিক। শনিবার বিকেল ৪টায় স্তম্ভটির উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
স্মারকস্তম্ভের বেদির অভ্যন্তরে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের পাঠাগার ও জাদুঘর। এতে রয়েছে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশের অর্জন ও সাফল্যের ইতিহাস নিয়ে রচিত বই ও নমুনা।
বাড্ডা থানার ফাজিলার টেক শাওড়া তলায় অবস্থিত স্তম্ভটি এক কোটি টাকায় নির্মাণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমএআর/এমএ/১৮০২ঘ.
bdnews24