ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত তৃতীয় ঢাকা লুকাস মোটর শো শেষ হলো শনিবার। করোলা, এভেঞ্জা, ক্যামরি, ইয়ারিস, মিতসুবিশি, প্রোটন, ওয়াজা, চেরি, গ্রেটওয়ালসহ নানা ব্র্যান্ডের নতুন গাড়ি প্রদর্শনীতে স্থান পায়। ২০ মার্চ তিন দিনের এ প্রদর্শনী শুরু হয়।
শো-তে আগ্রহী ক্রেতাদের ভিড় যেমন ছিল তেমনি কৌতুহলী দর্শনার্থীর সংখ্যাও ছিল অনেক। যন্ত্রাংশ ও টায়ার ব্যবসায়ী সমিতির উদ্যোগে নতুন গাড়ির পাশাপাশি সম্মেলন কেন্দ্রের মূল ভবনের বাইরে গাড়ির যন্ত্রাংশ ও টায়ার প্রদর্শনীর আয়োজন করা হয় এবার।
আয়োজকদের পক্ষে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিস লি. (সিইএমএস) এর ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পাশাপাশি দর্শকদেরও বেশ সাড়া মিলেছে। দর্শক সমাগমে তারা সন্তুষ্ট।
বাংলাদেশে টয়োটা গাড়ির পরিবেশক নাভানা গ্র"পের সিনিয়র ম্যানেজার হামিদুর রহমান সাইমন জানান, এবারের প্রদর্শনীতে 'সিরিয়াস' ক্রেতার সংখ্যা বেশি ছিল। শো-তে এসে গাড়ির মডেল পছন্দ করে গেছেন তারা। নাভানা কর্মকর্তা বলেন, ডলারের তুলনায় ইয়েন জোরদার হওয়ায় আপাতত গাড়ির দাম বেশি মনে করছেন ক্রেতারা।
হামিদুর রহমান বলেন, "ক্রেতাদের মধ্যে উচ্চবিত্তদের সংখ্যাই বেশি। গাড়ি কেনার বিষয়ে চাকচিক্যের চেয়ে প্রয়োজনীয়তার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। বিভিন্ন ধরনের ঋণ পাওয়ায় গাড়ি ক্রেতার সংখ্যা ক্রমাগত বাড়ছে।"
প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নেওয়া ভারতীয় প্রতিষ্ঠান সাগাস অটোটেক প্রাইভেট লিমিটেড-এর সিনিয়র এক্সিকিউটিভ অনন্ত মূর্তি খুব উচ্ছসিত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রদর্শনীটি তেমন বড় নয় এবং এতে ক্রেতাদের আগ্রহও কম।"
গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান একতা ট্রেডিং কোম্পানির উর্ধ্বতন নির্বাহী নাসির উদ্দিন বললেন, "এমন প্রদর্শনীতে ক্রেতাদের অনেক ভিড় থাকবে- এটা ভাবা ঠিক নয়। তবে অনেকেই এসে জিনিসপত্র দেখেন , পছন্দ হলে অর্ডার দিয়ে যান। ক্রেতাদের উৎসাহিত করতেই প্রদর্শনীতে অংশ নেওয়া।"
প্রদর্শনীতে দেশের বিদ্যমান সার্বিক অর্থনৈতিক সংকটের কোনো ছাপ নেই বলে মন্তব্য করেন তিনি।
দর্শক ব্যবসায়ী কামাল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, "গাড়ি কিনব পরিবারের জন্য। আমার পছন্দের ব্র্যান্ড টয়োটা। প্রদর্শনী ঘুরে পছন্দ করে একদিন ডিলারের কাছে যাব।"
অপর দর্শনার্থী জিল্লুর রহমান বললেন, " এখানে গাড়িগুলো ব্র্যান্ড নিউ। নতুন গাড়ি কেনার সামর্থ্য সবার নেই। এজন্যে ট্যাক্স কমাতে হবে। তবে প্রদর্শনী চলছে, সময় পেয়েছি- তাই স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে এলাম।"
এর আগে ২০০৬ ও ২০০৭ সালে প্রথম ও দ্বিতীয় মোটর শো আয়োজন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসকে/২০৩৯ঘ.
bdnews24