ঢাকা, মার্চ ২১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩৪ জন শিল্পীর চিত্রকর্মের প্রদর্শনী শুরু হয়েছে নিউইর্য়কে জাতিসংঘ সদর দপ্তরের টার্কিশ কালচারাল এন্ড ট্যুরিজম সেন্টারে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইসমাত জাহান বৃহস্পতিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
শুক্রবার সরকারের এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, প্রদর্শনীতে মোট ৪২টি চিত্রকর্ম স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসমাত জাহান বলেন, "এ প্রদর্শনী বাংলাদেশের সমসাময়িক চিত্রশিল্প ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আর্ন্তজাতিক মহলে তুলে ধরতে সাহায্য করবে।''
অন্যান্যের মধ্যে নিউইর্য়কের এশিয়ান কালচারাল কাউন্সিলের পরিচালক রালফ স্যামুয়েলসন, বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী, শিল্পী রফিকুন্নবী ও যামিনী পত্রিকার সম্পাদক জিয়াউল করিমসহ প্রবাসী কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউইয়র্কের বাংলাদেশ মিশন ও ঢাকার বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৯৩৫ঘ.
bdnews24