ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন ঠিকানা 'জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র' উদ্বোধন হবে শনিবার। সুত্রাপুরের লোহারপুল এলাকায় এ কেন্দ্র নির্মাণে খরচ হয়েছে সাত কোটি ৩০ লাখ টাকা।
বৃহস্পতিবার নগর ভবন মিলনায়তনে ঢাকা সিটি করপোরেশন ও বাংলাদেশ গ্র"প ফিয়েটার ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্র উদ্বোধনের তারিখ ঘোষণা করেন মেয়র সাদেক হোসেন খোকা।
জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ও মহানগর নাট্যোৎসব ২০০৮ উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ঢাকার মেয়র বলেন, "শুধু মশা তাড়ানো আর আবর্জনা পরিষ্কার করাই নয়, সিটি করপোরেশন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
সাদেক হোসেন খোকা বলেন, ঢাকায় সংস্কৃতি চর্চার নতুন কেন্দ্রটি সব ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত থাকবে। তবে সেখানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।
আগামী ২২ মার্চ জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। পরদিন থেকে ৩১ মার্চ পর্যন্ত সেখানে চলবে বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের নাট্যোৎসব।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সভাপতি ম. হামিদ জানান, বিশ্বের বিভিন্ন দেশের নগর কর্তৃপক্ষ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা দেয়। ঢাকা সিটি করপোরেশনও এ ধরনের কাজে জড়িত হওয়ায় সাংস্কৃতিক আন্দোলন আরও এগিয়ে নেওয়া যাবে।
নাট্যোৎসবে 'সময়ের প্রয়োজনে', 'বিনোদিনী', 'সাত ঘাটের কানাকড়ি', 'খান্দানী কিসসা', 'তোতারাম', 'কুঞ্জুস', 'ভদ্দরনোক', 'জলদাস' ও 'ময়ূর সিংহাসন' মঞ্চস্থ করা হবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে প্রদর্শন।
সংবাদ সম্মেলনে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্নেল শওকত আলী, প্রধান প্রকৌশলী কর্নেল আশফাক উল ইসলাম, বাংলাদেশ গ্র"প থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসএনডি/১৬৩১ ঘ.
bdnews24