ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেকেই আমাকে বলে মিলিয়ন মিলিয়ন লোক বাংলায় কথা বলে, তোমাকে এ ভাষায় কথা বলতে হবে কেন? আমি মজা করে বলি, আমার কপালে লেখা ছিল! হয়ত আগের জন্মে আমি বাঙালি ছিলাম!- বলছিলেন ড. উইলিয়াম রাদিচে; একাধারে তিনি কবি এবং বাংলা ভাষা ও সাহিত্যের পণ্ডিত।
'সাদা চামড়া'র কেউ যদি শুদ্ধ বাংলায় বলতে শুরু করেন, নিজেকে পরিচয় দেন বাঙালি বলে- তখন ব্যাপারটা কেমন হবে? রাদিচের অপরিচিতদের কাছে ব্যাপারটা অবাক হওয়ার মতোই! কথার পিঠে কথায় তিনি বারবারই বোঝাতে চান- 'একশ বছর পর বাংলা ভাষা এবং বাঙালির অবস্থান হবে বৈশ্বিক বিচারে একেবারে প্রথম সারির'।
মঙ্গলবার স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স অ্যাট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত 'বিশ্বায়নে বাংলার ভবিষ্যৎ' শীর্ষক বক্তৃতায় যুক্তরাজ্যের এই বাসিন্দা বাংলা ভাষা নিয়ে উচ্চাকাক্সক্ষা প্রকাশ করলেন পরম নির্ভরতায়।
ড. রাদিচের লেখা ও সম্পাদিত বইয়ের সংখ্যা প্রায় ৩০টি। এর বাইরেও তার ব্যাপক পরিচিতি রয়েছে রবীন্দ্রগবেষক হিসেবে।
ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে ১৫ মার্চ উইলিয়াম রাদিচে বাংলাদেশ এসেছেন।
বক্তৃতায় তিনি বলেন, "ভাষা হিসেবে 'বাংলা' বিশ্বের আধুনিক ভাষার মধ্যে অন্যতম। অথচ বাংলাকে অবজ্ঞার কারণে এটি আজও সার্বজনীন ভাষা হিসেবে বিশ্বে ভালো জায়গা করে নিতে পারেনি।"
বললেন, "সেই বায়ান্ন, একাত্তর পেরিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে ভাষার চেতনাকে ধারণ করে। বাংলা ভাষা ও বাঙালির রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও আলাদা জাতিসত্তা। ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ৩৫ কোটি মানুষ এ ভাষায় কথা বলে। রবীন্দ্রনাথ ঠাকুর এ ভাষায় সাহিত্য রচনা করে নোবেল পেয়েছেন। সত্যজিত রায় ছবি বানিয়েছেন। সবমিলিয়ে সত্যিকার অর্থেই বাংলা একটি সমৃদ্ধ ভাষা।"
বাংলাকে সঠিকভাবে উপস্থাপনের গুরুত্ব বোঝাতে রাদিচে বলেন, "ইউরোপে প্রতিবছর সাউথ এশিয়ান স্টাডিজের ল্যাংগুয়েজের ওপর সেমিনার হয়, সেখানে বাংলাকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। সরকারিভাবে আরও সংগঠিত উপায়ে পৃষ্ঠপোষকতাও দিতে হবে। বাংলা ভাষা নিয়ে এখন ইউরোপ, আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় এবং ভাষা ইনস্টিটিউট কাজ করছে। তাদের কাজকে এগিয়ে নিতে খুব ভাল বাংলা অভিধান প্রণয়ন করা উচিত।"
বিশ্বব্যাপী বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং অর্মত্য সেন কাজ করতে পারেন- বলেন তিনি।
রাদিচে মনে করেন, পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশই একদিন বাংলা ভাষা চর্চার প্রাণকেন্দ্র হয়ে উঠবে।
কারণ হিসেবে তিনি বলেন, "কলকাতার লোক এখন মুম্বাই, দিল্লিমুখী। সেখানকার মধ্যবিত্ত শ্রেণীর স্কুলের ভাষাও হয়ে উঠেছে ইংরেজি।"
বাংলা ভাষাকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে রবীন্দ্র রচনাবলির নিখুঁত অনুবাদ এবং অনলাইন সংস্করণ চালুর প্রয়োজন উল্লেখ করে উইলিয়াম রাদিচে বলেন, "বিশেষ করে গানের অনুবাদ হতে হবে নিখুঁত। কারণ অনুবাদে সঠিক ভাবধারাটি ধরে রাখতে হবে।"
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, "উষ্ণতা বাড়ার কারণে সমুদ্র উপকূলবর্তী অনেক দেশই হুমকির মুখে থাকবে। তবে আশার কথা হচ্ছে ব্রিটেনে বেশ কয়েকটি সেমিনারে শুনেছি, বাংলাদেশ প্রাকৃতিকভাবে বেশ সুরক্ষা পাবে। যেটা বিশ্বের অনেক দেশই পাবে না।"
রবীন্দ্র রচনাবলি থেকে ড. উইলিয়াম রাদিচের অনুদিত 'সিলেক্টেড পোয়েমস' ও 'সিলেক্টেড শর্ট স্টোরিজ' এর একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে। 'হডার হেড লাইন' বের করে তার বহুল আলোচিত বই 'টিচ ইওরসেল্ফ'। রাদিচে এখন মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাথ বধ কাব্যে'র ইংরেজি অনুবাদ করছেন । বইটির নাম হবে 'দি পোয়েম অব কিলিং অব মেঘনাধ'।
রাদিচের অন্যতম পদ্য সংকলন 'স্ট্রাইভিং' (১৯৮০) এবং 'লোরিং স্কাইস' (১৯৮৫) প্রকাশিত হয় আনভিল প্রেস থেকে। ১৯৯৪ সালে ঢাকার ইউনিভার্সিটি প্রেস লিমিটেড থেকেও প্রকাশিত হয় 'দি রিট্রিট'।
অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) উপাচার্য প্রফেসর বজলুল মবিন চৌধুরী এবং উপ-উপাচার্য প্রফেসর ওমর রহমান উপস্থিত ছিলেন।
এক সপ্তাহ বাংলাদেশে থাকবেন ড. উইলিয়াম রাদিচে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএল/এসএনডি/২১৫৬ ঘ.
bdnews24