ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীতে বৃহস্পতিবার শুরু হচ্ছে তিনদিনব্যাপী আদিবাসী সাংস্কৃতিক উৎসব ২০০৮। সকাল ১০ টায় শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের কর্মসূচি শুরু হবে।
সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভোলপমেন্ট (সেড) এই উৎসবের আয়োজন করেছে।
বুধবার সেড এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ২৪টি আদিবাসী জনগোষ্ঠী উৎসবে যোগ দিচ্ছে। চামকা, মারমা, রাখাইন, ত্রিপুরা, সাঁওতাল, মনিপুরী, হাজং, গারো, খেয়াংসহ বিভিন্ন আদিবাসী নৃ গোষ্ঠীর প্রায় ২০০ সাংস্কৃতিক কর্মী এই উৎসবে যোগ দিচ্ছেন।
উৎসবের অংশ হিসেবে শিল্পকলা অ্যাকাডেমির গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আদিবাসী সংস্কৃতিকে উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় শিল্পকলা অ্যাকাডেমিতে আদিবাসী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিষ রায়। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করবেন সেলিনা হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/২৩৩৫ ঘ.
bdnews24