ক্যানবেরা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অস্ট্রেলিয়ায় বাংলাদেশীদের সংগঠন অউডারল্যান্ড মেমোরিয়াল কমিটি স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ক্যানবেরায় মাসব্যাপী এক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এই চলচ্চিত্র উৎসব আয়োজনের মূল লক্ষ্য অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের নতুন প্রজন্মকে এবং একই সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামে সমর্থন জোগানো অস্ট্রেলিয়ার বন্ধুপ্রতিম অধিবাসীদেরও মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো।
৯ মার্চ ও'মালিতে বাংলাদেশ হাই কমিশনের কমিউনিটি হলে আয়োজিত 'আমরা চলি অবিরাম' শিরোনামে এক অনুষ্ঠানে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের পরবর্তী পাঁচটি প্রদর্শনী ক্যানবেরা ও ক্যুইনবেয়ানের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই ও ফটো প্রদর্শনী এবং 'ইতিহাস কথা কয়' শিরোনামে আলোচনা অনুষ্ঠান।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. কে এম দাস, সাবেক বাংলাদেশী কূটনীতিক বদিউজ্জামান খান, ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর মাহবুব হোসেন সালেহ, অউডারল্যান্ড ওয়েবসাইটের ওয়েবমাস্টার মুহিত মাসিহ বাবু এবং অউডারল্যান্ড মেমোরিয়াল কমিটির আহ্বায়ক কামরূল আহসান খান।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য অস্ট্রেলিয়ার বাসিন্দা মুক্তিযোদ্ধা বীর প্রতীক অউডারল্যান্ডের প্রতি তার কীর্তির জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার মির্জা শামসুজ্জামান এবং অউডারল্যান্ড মেমোরিয়াল কমিটির উপদেষ্টা, সাবেক সেনা প্রধান ও সেক্টর কমান্ডার্স ফোরামের সম্পাদক লে. জে. হারুন উর রশিদের এই আয়োজনের সাফল্য কামনা করে পাঠানো বার্তা পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ
bdnews24