ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের অধিকাংশই মনে করেন, শৈশব অনেক বেশি 'বাণিজ্যিক' হয়ে ওঠায় শিশুদের কল্যাণের বিষয়টি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
জীবনযাপন সংক্রান্ত একটি জনমত জরিপে এ কথা বলা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
এক হাজার ২২৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর পরিচালিত 'জিএফকে এনওপি' এর ওই জরিপে অংশগ্রহণকারীদের ৮৯ শতাংশ জানিয়েছেন, আগের প্রজন্মের চেয়ে বর্তমান যুগের শিশুরা অনেক বেশি বস্তুবাদী।
জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশের মতে, সহিংসতাপূর্ণ ভিডিও গেমস শিশুদেরকে আরো বেশি আক্রমণাত্মক করে তোলে। ৯০ শতাংশের মতে, বড়দিন উপলক্ষে যেসব বিজ্ঞাপন প্রচার করা হয় তা সাধ্যের চেয়ে বেশি ব্যয় করতে বাবা-মায়ের ওপর চাপ ফেলে।
উত্তরদাতাদের ৬০ শতাংশের মতে, গণমাধ্যমে সমবয়সীদের নেতিবাচক উপস্থাপনের ফলে শিশু ও অল্পবয়সীদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। অস্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ ঘোষণা করা উচিত বলেও মনে করেন উত্তরদাতাদের অধিকাংশই।
জরিপে অংশগ্রহণকারী ৬৩ শতাংশ নারী ও ৫৬ শতাংশ পুরুষের মতে, গণমাধ্যম শিশুদের ক্ষতি করছে।
'চাইল্ডহুড এনকোয়ারি প্যানেল'র একজন সদস্যের মতে, বাণিজ্যিক চাপ শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশকে নষ্ট করে দিতে পারে।
লন্ডনের 'ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ' এর শিশু মনস্তত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ফিলিপ গ্রাহামের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলে জানা যায় বিজ্ঞাপনের চাপে যারা বেশি জর্জরিত তাদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও বেশি থাকে।
জীবনযাপন প্রণালী সংক্রান্ত জনমত জরিপটি যুক্তরাজ্যের 'চিলড্রেন্স সোসাইটি' কর্তৃক প্রকাশিত ছয় পর্বের জরিপের একটি অংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এসকে/১৩৫২ঘ.
bdnews24