জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার হয়ে গেল পাখিমেলা। এদিন সকাল থেকেই ক্যাম্পাসে ভিড় জমায় পাখিপ্রেমীরা। বিকালে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী এ মেলার সমাপ্তি টানা হয়।
সকাল ১০টায় মিলনায়তন চত্বরে বেলুন উড়িয়ে পাখিমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার তমিজ আমিন, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি আব্দুস সালাম ও পাখিমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মফিজুল কবীর। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ প্রতিবছর এ মেলার আয়োজন করে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পাখিমেলা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যে পরিণত হয়েছে। এ ঐতিহ্য টিকিয়ে রাখতে এখানে জাতীয় পর্যায়ে পাখিমেলার আয়োজন করা উচিত।
পাখি দেখা প্রতিযোগিতা, শিশু চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সারাদিনই ব্যস্ত সময় কাটান পাখিপ্রেমীরা। মেলায় টেলিস্কোপ দিয়ে নানা বর্ণের পাখি দেখে রীতিমতো উচ্ছ্বসিত ছিল শিশুরা। কোন পাখির কী নাম, কোন দেশের পাখি ইত্যাদি নানা বিষয়ে তাদের তথ্য জানায় আয়োজকরা।
রাজধানী থেকে পাখি দেখতে আসা জাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাছ-গাছালির সবুজ প্রাকৃতিক পরিবেশে কলকাকলীতে মনটাই আজ অন্যরকম মনে হচ্ছে।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে এবার ৩০ থেকে ৩৫ প্রজাতির অতিথি পাখি এসেছে। এছাড়াও রয়েছে প্রায় অর্ধশত দেশীয় প্রজাতির পাখি। এদের মধ্যে আছে বিভিন্ন প্রজাতির হাঁস, সরালি, পোচার্ড, নাকতা, খঞ্জনা, লাল গুড়গুড়ি, জলপিপি, গোলবন হাঁস, চামট ঠুটি, বক প্রভৃতি।
জাহাঙ্গীরগর, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আটটি দলে ভাগ হয়ে পাখি দেখা প্রতিযোগিতায় অংশ নেয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটি দল প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করে।
ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয় তিন শতাধিক শিশু-কিশোর। এতে 'ক' গ্র"পে (নার্সারি-তৃতীয় শ্রেণি) সানজিদা আশরাফ, মাহিরা ঈশিতা, খাদিজা বিনতে হাফিজ এবং 'খ' গ্র"পে (চতুর্থ-ষষ্ঠ) নাদিরা সুলতানা পলি, রিমি দাস, মুরসালিন হাবিব যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে।
এছাড়া পাখি বিষযক উপস্থিত বক্তৃতায় ফাতেমা তুজ জহুরা, সৈয়দ মাহমুদুর রহমান ও নাজমুন নাহার যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়।
মিলনায়তন চত্বরে ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, কেন্দ্রীয় খেলাঘর আসর, কুঞ্জবন পাখি প্রজনন কেন্দ্র(নওগাঁ), ষড়ঋতু(সিরাজগঞ্জ), ইনভায়রনমেন্ট এন্ড সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন, এভারগ্রীন নার্সারি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে ১০টি স্টলের মাধ্যমে পাখির ছবি ও পাখি বিষয়ক বই, পোস্টার, ক্যালেন্ডার, টি শার্ট ও কার্ড প্রদর্শন করা হয়।
ড. মফিজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাখির প্রতি মমত্ববোধ গড়ে তুলতে এ মেলা আয়োজন করা হয়েছে। পাখি সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে।"
তিনি আরও বলেন, "প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে দেশীয় ও অতিথি পাখি এখন কারোরই নিরাপত্তা নেই। অভয়ারণ্যগুলোও আজ পাখিদের জন্য নিরাপদ নয়। গণসচেতনতা তৈরি হলে পাখির নিরাপত্তা নিশ্চিত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24