চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের অবদানকে স্মরণ করে 'মুক্তিযুদ্ধ ও চট্টগ্রাম বন্দর' শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়েছে।
শনিবার সকালে বন্দর ভবনে আনুষ্ঠানিকভাবে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদ।
চট্টগ্রাম বন্দর ভবনে শহীদ কর্মকর্তা-কর্মচারীদের নামখচিত একটি স্মৃতিফলকও এসময় উন্মোচন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ক্ষেত্রে এই বই সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ 'সোয়াত' অবরোধ এবং নৌ কমান্ডো অভিযানে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের অর্জন সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহবান জানান বন্দর চেয়ারম্যান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাগ্যবিড়ম্বিত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাশেম এবং চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জোবায়ের আহমেদ।
চট্টগ্রাম বন্দরে মুক্তিযুদ্বের স্মারক সম্বলিত একটি 'আর্কাইভ' গড়ে তোলা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এরপর মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বন্দরের ১০০ জন শহীদ কর্মকর্তা-কর্মচারীর নাম সম্বলিত স্মৃতিফলক উন্মোচন করেন মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ছাড়াও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একাত্তরে মহান মুক্তিযুদ্ধের শুরুতেই অস্ত্রবাহী পাকিস্তানি সোয়াত জাহাজ অবরোধের মধ্য দিয়ে বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিরোধ সংগ্রামের সূচনা করেন। পরবর্তীতে নৌ কমান্ডোরা চট্টগ্রাম বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজে হামলা চালিয়ে বাংলাদেশের মুক্তিয্দ্ধুকে আন্তর্জাতিক খবরের শিরোনাম হতে সহায়তা করেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে প্রকাশিত এ গ্রন্থে সোয়াত জাহাজ অবরোধ, বন্দর এলাকায় বধ্যভূমি, নৌ কমান্ডোদের সাহসী অভিযান, একাত্তরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা এবং কর্মরত ও অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নামের তালিকা স্থান পেয়েছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/১৮২২ঘ.
bdnews24