২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আগামী মার্চে 'টমি মিয়া ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল'

বাংলাদেশের মানুষকে এ উপমহাদেশ, বাংলাদেশী এবং বিদেশি বিভিন্ন বৈচিত্রময় খাবারের সঙ্গে পরিচিত করে তুলতে 'টমি মিয়া ডট কম' আগামী ২৫ থেকে ২৮ মার্চ ঢাকায় বসুন্ধরা সিটিতে 'টমি মিয়া ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল' এর আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 07:18 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, ৩০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের মানুষকে এ উপমহাদেশ, বাংলাদেশী এবং বিদেশি বিভিন্ন বৈচিত্রময় খাবারের সঙ্গে পরিচিত করে তুলতে 'টমি মিয়া ডট কম' আগামী ২৫ থেকে ২৮ মার্চ ঢাকায় বসুন্ধরা সিটিতে 'টমি মিয়া ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল' এর আয়োজন করেছে। ব্রিটেনের কারি শিল্পের বিখ্যাত শেফ বাংলাদেশী বংশোদ্ভূত টমি মিয়া এ প্রতিষ্ঠানটির কর্ণধার। রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে টমি মিয়া জানান, বিশ্বের কয়েকটি দেশ থেকে ২২ জন বিখ্যাত শেফ এ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন। চারদিনব্যাপী আয়োজনে নানা ধরণের খাদ্যের রন্ধন প্রণালী উপস্থিত দর্শকদের কাছে তুলে ধরবেন এ রন্ধনশিল্পীরা। দর্শকরা তাদের তৈরি খাদ্যের স্বাদও গ্রহণ করতে পারবেন। ফেস্টিভ্যাল উপলক্ষে থাকবে শেফ প্রতিযোগিতার আয়োজন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে শ্রেষ্ঠ তিনজন শেফকে পুরস্কৃত করা হবে। ব্রিটেনের বেশ কয়েকজন সংসদ সদস্য এ মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত 'টমি মিয়া ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল' নামে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাজনৈতিক পরিস্থিতি ও সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ফেস্টিভ্যাল পেছাতে হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। বিদেশে বিশেষ করে ব্রিটেন ও ইউরোপে বাংলাদেশী খাদ্যের প্রচার ও প্রসারের প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন সময় ফুড ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে 'টমি মিয়া ডট কম'। ব্রিটেনের জনপ্রিয় কারি শিল্পে ভারতীয় উপমহাদেশের কায়দার খাবার পরিবেশন করা হয় বলেই এ খাদ্য সম্ভার পরিবেশনকারী রেস্তোরাঁগুলো সেদেশে 'ইণ্ডিয়ান রেস্টোরান্ট' হিসেবে পরিচিত। কিন্তু এসব রেস্তোরাঁর বেশিরভাগেরই মালিক ও কর্মী মূলত সিলেট থেকে অভিবাসী হয়ে যাওয়া বাংলাদেশীরা যারা বৃহত্তর ভারতীয় প্রণালীর পাশাপাশি বর্তমান বাংলাদেশের রন্ধনপ্রণালী থেকে অনেক কিছু যুক্ত করেছেন তাদের রান্নায়। এজন্য তারা বাংলাদেশী হিসেবে নিজেদের একটি স্বতন্ত্র পরিচয়ও প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ ফেস্টিভ্যালের অন্যতম লক্ষ্য সেটাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০০৫৪ঘ.