ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে রোববার সন্ধ্যায় গানের আসর 'প্রাণের খেলা'য় গাইলেন শিল্পী মহিউজ্জামান চৌধুরী ও ফাহমিদা নবী। মহিউজ্জামানের কণ্ঠে 'বাদল দিনের প্রথম কদম ফুল' কিংবা ফাহমিদা নবীর গাওয়া 'বড় একা একা লাগে' কিছুক্ষণের জন্য হলেও নগর যন্ত্রণার কথা ভুলিয়ে রাখলো শ্রোতাদের।
স্বাগত বক্তব্যে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বললেন, "ভাল সুর, ভাল কথা এবং ভাল গীত রূপায়ণ দেশের মানুষের বোধ ও চেতনা অনুধাবনে প্রেরণা যোগায়। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় ও রজনীকান্তের গান শুনে এবং অনুধাবন করে আমরা ইতিহাসের এক অন্ধ আবর্ত পাড়ি দিতে পারি, দুঃসময়ে নিজেদের সচল রাখতে পারি।"
তিনি জানান, এটি 'প্রাণের খেলা' গানের আসরের সপ্তম অনুষ্ঠান।
স্বাগত বক্তব্যের পর শুরু হয় গানের আসর। প্রথমে মহিউজ্জামান ও ফাহমিদা একসঙ্গে গাইলেন 'পুরনো সেই দিনের কথা'।
এরপর মহিউজ্জামান একে একে শোনান- 'তুমি সন্ধ্যার মেঘমালা', 'বাদল দিনের প্রথম কদম ফুল', 'শুধু তোমার বাণী', 'আলোর হৃদয় তোমার', 'নদী বলে যাব'সহ বেশি কিছু গান।
এরপর ফাহমিদা নবী 'এই বাংলাকে ভালোবেসে', 'রাষ্ট্র আমার', 'যদি একবার', 'বড় একা একা লাগে', 'একটি দুটি ঘুমের গল্প', 'খাঁচার ভিতর অচিন পাখি', 'লুকোচুরি লুকোচুরি গল্প', 'সখি কি করে বলি'- এই গানগুলো গেয়ে শোনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমস/ডিডি/জেকে/০০১২ ঘ.
bdnews24