বরিশাল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক বাংলা কবিতার অন্যতম পথিকৃৎ জীবনানন্দ দাশের ৫৫তম মৃত্যুবার্ষিকী বুধবার।
বরিশালে 'রূপসী বাংলার কবি'র পৈত্রিক বাড়ির প্রাঙ্গণে এবার প্রথমবারের মতো তার স্মরণে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া ২২ থেকে ২৪ অক্টোবর পযর্ন্ত তিন দিনের 'জীবনানন্দ স্মরণ' কর্মসূচির আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখা।
কর্মসূচির অংশ হিসেবে কবি জীবনানন্দ দাশের বাড়ি প্রাঙ্গণে প্রভাতী অনুষ্ঠান, 'জীবনানন্দ অঙ্গনের' নাম ফলক উন্মোচন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ।
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মুশফিক আহমদ শামীম ও বরিশাল জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা পারভীন আক্তার।
'জীবনানন্দ স্মরণ' উদযাপন পরিষদের আহ্বায়ক অরূপ তালুকদার জানান, কর্মসূচির দ্বিতীয় দিনে ২৩ অক্টোবর নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে জীবনানন্দ দাশ সম্পর্কে আলোচনা এবং শেষ দিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর সিটি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বরিশালের বিভিন্ন সংগঠন ওই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। আলোচনায় অংশ নেবেন জীবনানন্দ দাশ গবেষকসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন জীবনানন্দ দাশ। চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ওই বছর ২২ অক্টোবর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তবে ট্রাম দুর্ঘটনার বিষয়টিকে অনেকে আত্মহত্যার চেষ্টা বলেও মনে করে থাকেন।
১৮৯৯ সালের ১৭ ফেব্র"য়ারি অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন সত্যানন্দ দাশ ও কুসুম কুমারী দাশ দম্পতির বড় ছেলে জীবনানন্দ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পর বাংলা সাহিত্যের প্রধান কবি হিসেবে বিবেচনা করা হয় জীবনানন্দ দাশকে। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপসী বাংলা, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন প্রভৃতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসকে/
bdnews24