২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশীদের বাণিজ্য ও আবাসন মেলা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একইসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে আয়োজিত বাণিজ্য মেলা এবং বাংলাদেশের রিয়্যাল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন- রিহ্যাব আয়োজিত আবাসন মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একইসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক নিয়ে আয়োজিত বাণিজ্য মেলা এবং বাংলাদেশের রিয়্যাল এস্টেট ব্যবসায়ীদের সংগঠন- রিহ্যাব আয়োজিত আবাসন মেলা। নিউ ইয়র্ক সময় শুক্রবার ম্যানহ্যাটনের পেনসিলভ্যানিয়া হোটেলে শুরু হচ্ছে 'মেড ইন বাংলাদেশ' শীর্ষক বাণিজ্য মেলা। আর শনিবার একই এলাকার হোটেল হিলটনে শুরু হবে 'রিহ্যাব হাউজিং ফেয়ার'। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে 'মেড ইন বাংলাদেশ' এর সহ-আয়োজক ব্যবসা প্রতিষ্ঠান এফএমএস এর হোসেন জব্বার শৈবাল বলেন, "মেলায় বাংলাদেশ থেকে ২৬টিসহ মোট ৩৪টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতে সার্বিক সহযোগিতা করছে। ৩৪০টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান মেলায় যোগ দিতে নিবন্ধন করেছে।" এ প্রসঙ্গে মেলার আরেক আয়োজক বিজ্ঞাপনী সংস্থা মাত্রার প্রধান আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তৈরি পোশাক খাতে ভারত ও চীনের মতো বাংলাদেশেও ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান নিজেদের 'ব্রান্ড' প্রতিষ্ঠিত করেছে। দেশের এ 'ইমেজটি' মেলায় তুলে ধরতে চাই আমরা।" সংবাদ সম্মেলনে ইপিবি পরিচালক মোহাম্মদ শওকত আলী উপস্থিত ছিলেন। এদিকে একই দিন সন্ধ্যায় শহরের উডসাইড এলাকার ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাব হাউজিং ফেয়ারের বিস্তারিত তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি তানভীরুল হক প্রবাল, সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুুরী ও স্থানীয় ব্যবসায়ী সোহাগ খান। তারা জানান, মেলায় ৫৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। নিউইয়র্কে শনি থেকে সোমবার এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ২৪ থেকে ২৬ অক্টোবর 'রিহ্যাব ফেয়ার' অনুষ্ঠিত হবে। সেখানকার ভেন্যু হচ্ছে মায়ামি বিচ কনভেনশন সেন্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/টিএইচ/এমএইচবি/১৭৫৩ ঘ.