২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসব আমেজে গোপালগঞ্জে নৌকাবাইচ শুরু

উৎসবের আমেজে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী নৌকাবাইচ বুধবার শুরু হয়েছে। এই বাইচ বৃহস্পতিবারও চলবে। বাদ্যের তালে তালে, জারি-সারি গানে, মাল্লাদের 'হেইও-হেইও' রবে আর পানির 'ছলাৎ-ছলাৎ' শব্দে মুখর এখন বাঘিয়ার বিল। বিস্তারিত জানাচ্ছেন মনোজ সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

মনোজ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গোপালগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারি সারি নৌকা; নানা রঙে, নানা ভাবে বিচিত্র সাজে। দুপুরের পরেই শুরু হয় বাইচ। বাদ্যের তালে তালে, জারি-সারি গান, মাল্লাদের 'হেইও-হেইও' রব আর পানির 'ছলাৎ-ছলাৎ' শব্দে মুখর বাঘিয়ার বিল। বিলের সারা বছরের শান্ত জলে যেন প্রাণের জোয়ার নামে বুধবার। কারণ এদিনই দুই দিনব্যাপী নৌকাবাইচ শুরু হয়েছে। আবহমান বাংলার কৃষ্টি ধরে রাখতে লাখো প্রাণের আনন্দ উচ্ছ্বলতায় দুপুরের পর শুরু হয় নৌকাবাইচ। স্থানীয়রা জানান, গত ২০০ বছর ধরে কোটালীপাড়া উপজেলার বাঘিয়া বিলে কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ী পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে নৌকাবাইচ হয়ে আসছে। বাঘিয়ার বাইচ নামে খ্যাত এ বাইচে এবার গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশাল জেলার দুই শতাধিক সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকা অংশ নেয়। দুই দিনব্যাপী নৌকাবাইচ বুধবার উপভোগ করেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএসকরিম ও রাশেদা কে চৌধুরী। কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নের ফণীভূষণ গাইন (৪৫) সাংবাদিকদের বলেন, "জন্মের পর থেকেই এ নৌকাবাইচ দেখে আসছি। এখানে কেউ আয়োজক নয়। স্বতঃস্ফূর্তভাবে সবাই এসে বাইচে অংশ নেয়।" বাইচ শুরু হলে বিলের কূলে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ করতালি ও হর্ষধ্বনিতে ঊৎসাহিত করতে থাকে নৌকাগুলোকে। এ নিয়ে গোটা এলাকায় ছিল উৎসবের আমেজ। বাইচ ঘিরে মেলাও বসে। কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী বলেন, "জলাভূমি বেষ্টিত কোটালীপাড়ার জীবন-জীবিকার প্রধান অবলম্বন ছিল নৌকা। এই নৌকার ওপরই এক সময় কোটালীপাড়ার বাঘিয়ার বিলে হাটবাজার বসত। নৌকার মাধ্যমে চিত্তবিনোদনের ব্যবস্থা করার জন্য ১২১১ বঙ্গাব্দে শিব রাম চৌধুরী এ নৌকাবাইচের প্রচলন করেন। তারপর থেকে এ অঞ্চলে নৌকাবাইচ হয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে।" বাইচে অংশ নেওয়া নৌকার মালিক সহদেব বাড়ৈ (৫০), জিতেন্দ্রনাথ গাইন (৪০), রবীন্দ্রনাথ ঢালী (৪৪), সুশান্ত রায় (২৫), প্রভাষ মজুমদার (৪২) জানান, নৌকা তৈরি, সাজসজ্জা, মাঝিমাল্লাদের পোশাক, বৈঠা, খাবারসহ বাইচে অংশগ্রহণের জন্য প্রচুর ব্যয় করা হয়। সহদেব বাড়ৈ বলেন, "এখান থেকে আমাদের কোনও আয় হয় না। শুধু আমাদের ঐতিহ্য লালন করতেই এটা করে থাকি। আর এ কারণেই আমাদের এ অঞ্চলে দীর্ঘদিন ধরে নৌকাবাইচ টিকে আছে।" "কোনও পারিশ্রমিকের জন্য নয়, নির্মল আনন্দের জন্যই বাইচে নৌকা বেয়ে আসছি", বলেন বাইচের মাঝি লাল চাঁদ বিশ্বাস (৩০)। প্রথমবারের মতো এই নৌকা বাইচ দেখতে আসা নূর আহমেদ জিলাল (৩০), মোঃ কবিরুল ইসলাম (৪৫) বলেন, দেশের অনেক জায়গার নৌকাবাইচ দেখেছি; কিন্তু এত আনন্দ পাইনি। এলাকার বধূ অঞ্জলী রাণী মজুমদার (৪৫), রেণুকা হালদার (৩০), পদ্মরাণী বিশ্বাস (৩৫), রিতা বিশ্বাস (৩০) বলেন, প্রতি বছর আমরা এই দিনটির জন্যই অপেক্ষা করি। অঞ্জলী রাণী বলেন, "জামাই-মেয়ে, অতিথি, আত্মীয়-স্বজন এ সময় বেড়াতে আসেন। তাদের আপ্যায়ন করে বাইচ ও মেলায় নিয়ে যাই।" বাইচ শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপদেষ্টা সিএস করিম বলেন, "নৌকাবাইচ এ এলাকার মানুষকে নির্মল আনন্দ দিচ্ছে। তাই তারা নৌকাবাইচকে লালন করে চলেছে। অপসংস্কৃতির যুগে গোপালগঞ্জবাসীর এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই।" উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, "নিরন্তর বহমান সংস্কৃতিই আমাদের প্রকৃত পথ দেখাবে। স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে এ সংস্কৃতি বেঁচে থাকবে। গোপালগঞ্জের মানুষের মধ্যে সে সতঃস্ফূর্ততা রয়েছে।" বাইচে নারীদের দুটি নৌকা অংশ নেওয়ায় উচ্ছ্বসিত রাশেদা চৌধুরী বলেন, "এটি আমাদের সংস্কৃতির জন্য সু-সংবাদ।" গোপালগঞ্জের জেলা প্রশাসক এসএম. আশফাক হুসেন, পুলিশ সুপার আব্দুল কুদ্দুস আমিনও বুধবার বাইচ উপভোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৪ ঘ.