ঢাকা, ১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--অভিনেত্রী সিয়েনা মিলার এক পাপারাৎসি ফটোগ্রাফারের তোলা ছবির জন্য আদালতের বাইরে সমঝোতা হিসেবে 'ডেইলি স্টার' পত্রিকার তরফ থেকে ১৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ মেনে নিয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে তোলা ওই ছবি তার ব্যক্তিগত গোপনীয়তা লংঘন করেছে এ অভিযোগ তুলে ছাব্বিশ বছর বয়সী সিয়েনা এ ব্যাপারে ব্যবস্থা নিতে উদ্যোগী হন।
'লেয়ার কেক' খ্যাত এ তারকার কাছে 'ডেইলি স্টার' পত্রিকা দুঃখ প্রকাশও করেছে লিখিতভাবে। পত্রিকায় ছাপা বক্তব্যে ডেইলি স্টার বলেছে, "ওই ফটোগ্রাফারের নাছোড়বান্দার মতো লেগে থাকা এবং ভীতিকর কৌশলের কারণে অভিনেত্রীটি যে খুবই হয়রানি এবং দুর্ভোগের শিকার হয়েছেন তা তারা স্বীকার করছে।"
তারকা অভিনেতা জুড ল'র সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর থেকে পত্রপত্রিকায় বহু লেখালেখি হয়েছে সিয়েনা মিলারকে নিয়ে।
গত জানুয়ারি মাসে মিলার এক ব্যক্তিগত গোপনীয়তা মামলায় তার পক্ষে হাইকোর্টের রায় পান। এক ফটোগ্রাফার অনুমতি ছাড়া নগ্ন ছবি তোলায় মামলা ঠুকেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার রঙ্গ সাময়িকী সম্পাদক রিচার্ড নেভিলের স্মৃতিকথা অবলম্বনে 'হিপি হিপি শেক' ছবির শ্যুটিংয়ের সময় সিয়েনা মিলারের ওই নগ্ন ছবি তোলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১২৩৬ঘ.
bdnews24