ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের স্বপ্ন দেখাতে পারে এমন চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। কেন্দ্রীয় পাবলিক লইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে 'প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
'শিশু চলচ্চিত্র সোসাইটি, বাংলাদেশ' ৭ দিনের এ উৎসবের আয়োজন করেছে।
উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শিল্পী মুস্তফা মনোয়ার, প্রধান অতিথি রাশেদা কে চৌধুরী ও বরেণ্য শিশু সহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল শিশুদের নিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন। এরপর দেখানো হয় এস্তোনিয়ার চলচ্চিত্র 'রুড্ডি'।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, "দেশের প্রায় ১৫ লাখ শিশু মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিনোদনের সুযোগ এরা পায় না। স্বপ্ন দেখতেও তারা ভুলে গেছে। এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে যা শিশুদের আবার স্বপ্ন দেখাতে পারে।"
মুস্তফা মনোয়ার বলেন, "শিশুরা পবিত্র সত্তা। সেই সত্তাকে জাগিয়ে তুলতে হবে। তাদের মনে বিশ্বের নান্দনিকতা ফুটিয়ে তুলতে শিশুদের জন্য ছবি বানাতে হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উৎসব পরিচালক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসচিব জামিল ওসমান।
আগামী ৩ ফেব্র"য়ারি পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান হল ও সেমিনার হল, রাশিয়ান কালচারাল সেন্টার, ইরান কালচারাল সেন্টার ও জার্মান কালচারাল সেন্টারে প্রতিদিন চারটি করে শো হবে। শোগুলো হবে বেলা ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায়।
এছাড়া উৎসবে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা ও সেমিনারের আয়োজন থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এফডাব্লিউসি/জেকে/২৩৩৭ ঘ.
bdnews24