চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আর যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের মধ্যে দূরত্ব যতোই হোক, প্রযুক্তির কল্যাণে তা ঘুচে গেছে। এত দূরত্ব বিয়ের ক্ষেত্রে কোনো বাধা হতে পারেনি। চিটাগাং ক্লাবের পার্টি সেন্টারে এরকমই এক বিয়ে হলো রোববার রাতে।
বিয়ের স্টেজে বর-কনে পাশাপাশি না থাকলেও টেলিফোন, ওয়েব ক্যামেরা আর ইন্টারনেট মেসেঞ্জারের কল্যাণে কবুল পড়তে কোনো সমস্যা হয়নি তাদের। কাজীও যথারীতি বিয়ে পড়িয়েছেন। নিজেদের আত্মীয় স্বজনের উপস্থিতিতে হাসি মুখে বাকি জীবন একসঙ্গে চলার অঙ্গীকার করেছেন তারা। পার্টি সেন্টারের দেয়ালে ঝোলানো প্রজেক্টরে উভয় স্থানের বিয়ের বর্ণাঢ্য স্টেজ দেখা যাচ্ছিল।
এ বিয়ের কনে চট্টগ্রামের মেয়ে রোহিনী পারভিন। নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান তিনি। আর বর সৈয়দ রেজা আহমদ থাকেন যুক্তরাষ্ট্রের কানেটিকাটে।
বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন চট্টগ্রাম ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাশেদ ভূইয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এটা একটা অভিনব ব্যাপার। প্রযুক্তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে ভাবতেই অবাক লাগছে।"
বিয়ের কাজী আবুল কাশেম বলেন, "নগরীতে এখন এ ধরনের বিয়ে হচ্ছে। গত দেড় বছরে এরকম পাঁচটি বিয়ে পড়িয়েছি আমি।"
পাত্রের মা নাসরিন আহমেদ বলেন, "কথা ছিল এনগেজমেন্ট হওয়ার। কিন্তু হুট করে সবাই বলল বিয়ে পড়ানোর কথা। এত অল্প সময়ে আমার ছেলের পক্ষে দেশে আসা সম্ভব ছিল না। তাই এভাবে বিয়ের আয়োজন।"
নাসরিন আহমেদ জানান, তার ছেলে রেজা গত ১২ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। চাকরির পাশাপাশি কানেটিকাট বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল বিষয়ে পড়ছেন তিনি।
বরের বাবা প্রবীণ সাংবাদিক সৈয়দ মহিউদ্দিন আহমেদের ভাষায় এটা 'বেটার অ্যারেঞ্জমেন্ট'। বিয়ের পর টেলিফোনে ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।
এ বিয়ের কারিগরি সহায়তাদানকারী চট্টগ্রামের ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান বিবিটিএস এর পরিচালক সৈয়দ সামিউল হক বলেন, "ঠিকমত লাইন পাওয়া যাবে কি না তা নিয়ে কিছুটা উৎকণ্ঠা ছিল। কিন্তু ঝামেলামুক্তভাবে বিয়েটি হয়ে যাওয়ায় দারুণ লাগছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/জিএনএ/১৭৪৫ ঘ.
bdnews24