২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধুসূদন স্মরণে যশোরে মধু মেলা শুরু

মাইকেল মধুসূদন দত্ত স্মরণে যশোরের সাগরদাড়িতে শুক্রবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধু মেলা। বিকেল ৩টায় মেলা উদ্বোধনের কথা থাকলেও বৃষ্টি ও শীতের কারণে তা চার ঘণ্টা বিলম্বিত হয়। আমাদের যশোর প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু জানান, মাইকেলের কাব্য ও জীবনের ওপর আলোচনা ছাড়াও মেলায় থাকছে পুতুল নাচ, সার্কাস, যাত্রা ও গানের আয়োজন। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ওহাবুজ্জামান ঝন্টু যশোর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যশোর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকেল মধুসূদন দত্ত স্মরণে কবির জন্মস্থান যশোরের সাগরদাড়িতে সপ্তাহব্যাপী মধু মেলা শুক্রবার শুরু হয়েছে। মধুসূদনের জন্মদিন উপলক্ষে এই মেলাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও যশোর ও আশপাশে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। তবে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর তীব্র শীতে মেলার আনন্দে কিছুটা ছন্দপতন ঘটেছে। শুক্রবার বিকেল ৩টায় মধুমেলা উদ্বাধন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা প্রায় চার ঘণ্টা বিলম্বিত হয়। সন্ধ্যা ৭টায় মেলার উদ্বোধন করেন কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা সি এস করিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "মাইকেল মধুসূদন কালজয়ী কবি। এখনো পর্যন্ত তার কবিতায় আধুনিকতার ছোঁয়া পাওয়া যায়। জীবিত অবস্থায় তার মূল্যায়ন হয়নি। এখন তাকে যথাযথ সম্মান করা উচিত।" সি এস করিম আশ্বাস দেন, যশোর শহরে প্রবেশের প্রধান ফটকটির নামকরণ হবে মাইকেল মধুসূদন দত্তের নামে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আবুয়াল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম শমসের আলী। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার জাকির হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন চৌধুরী ইকবাল বাহার। মাইকেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাঁড়ির মধুসূদন ইনস্টিউট এর মাঠে এ মেলার আয়োজন করা হয়। মেলায় পুতুল নাচ, সার্কাস, যাত্রা, গানের মাধ্যমে আমাদের সমৃদ্ধ লোকজ সংস্কৃতির বিভিন্ন উপাদান উপস্থাপন করা হয়। এছাড়া মাইকেলের কাব্য ও জীবনের ওপর প্রতিদিনই আলোচনা পর্ব ও কবিতা আবৃত্তি থাকবে। শুক্রবার মাইকেল মধুসূদন দত্তের ১৮৪তম জন্মবার্ষিকী। ১৮২৪ সালে তিনি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা জমিদার রাজ নারায়ণ দত্ত ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। তার মা জাহ্নবী দেবী। মাত্র সাত বছর বয়সে কলকাতার হিন্দু কলেজের জুনিয়র বিভাগে ভর্তি হন মাইকেল মধুসূদন। ছাত্রাবস্থায় তার লেখা ইংরেজি কবিতা ছাপা হয় 'সাহিত্যপত্রে'। ১৮৪৩ সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। জীবনের প্রথম ভাগে ইংরেজিকে সাহিত্য চর্চার মাধ্যম হিসেবে বেছে নিলেও পরবর্তী জীবনে তা থেকে সরে আসেন। ইংরেজ কবি লর্ড বায়রনের প্রভাব শুধু তার কাব্যেই নয়, ব্যক্তিগত জীবনেও বায়রনের মতো বোহেমিয়ান ছিলেন মাইকেল। বেশ কিছু দিন কাটিয়েছিলেন ফ্রান্সে। পরে দেশে ফিরলেও নিদারুণ অর্থকষ্টে বাকি পুরো জীবনই কাটে তার। বাংলাকে সাহিত্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠায় মাইকেলের অবদান অপরিসীম। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক তিনি। বাংলা নাটকের স্বার্থক স্রষ্টা বলা হয় মাইকেলকে। 'মেঘনাদবধ কাব্য' রচনা করে তিনি প্রমাণ করেন, বাংলায়ও কাব্যিক আখ্যান রচনা সম্ভব। একইসঙ্গে বাংলায় প্রহসন রচনাও তার হাত ধরেই আসে। দুই বার বিয়ে করেন মাইকেল মধুসূদন। প্রথম বার মাদ্রাজে, স্ত্রীর নাম ছিল রেবেকা। পরে বিয়ে করেন হেনরিয়েটা নামে এক ফরাসি নারীকে। ইনি মাইকেলের জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে ছিলেন। ১৮৭৩ সালের ২৩ জুন মাইকেল কলকাতায় মারা যান। মেলার আয়োজক কমিটির উপ-কমিটির আহবায়ক অতিরিক্তি জেলা প্রশাসক হাওলাদার জাকির হোসেন বলেন, মেলায় বিভিন্ন পণ্যের তিন শতাধিক স্টল বসেছে। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন মেলার আলোচনা ও সাংস্কৃতিক অনুুষ্ঠানে খ্যাতনামা কবি সাহিত্যিকরা অংশ নেবেন। বৃষ্টির কারণে শুক্রবার অনেক দোকানি তাদের দোকান সাজাতে পারেনি। একই কারণে শেষ হয়নি যাত্রা, সার্কাস প্যান্ডেলের কাজ। বৃষ্টিতে মেলার মাঠ কাদায় ভরে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/জেকে/এমএইচবি/২১৫৬ ঘ.