ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে শুধু ল্যাপটপ নিয়ে মেলা- 'ল্যাপটপ পার্টি ২০০৮'। সকালে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, "ক্ষুধা ও দারিদ্র্যে সঙ্গে বাংলাদেশ যুদ্ধ করলেও বিজ্ঞান-প্রযুক্তি খাতে পিছিয়ে নেই। সম্ভাবনাময় এ খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে। একুশ শতকের বাংলাদেশ গড়তে তথ্য প্রযুক্তিতে আরও সাফল্য অর্জন করতে হবে আমাদের।"
মেকার কমিউনিকেশন্স নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এই মেলার আয়োজক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক প্ল্যানার মুস্তাসির আহমেদ। এছাড়া বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি মোস্তফা জাব্বারও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার সচিব কাজী আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও বেটার বিজনেস ফোরামের সদস্য এম এ তাসলীম এবং বেটার বিজনেস ফোরামের আরেক সদস্য সৈয়দ মাহমুদুল হক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রথম দিনেই মেলায় প্রচুর দর্শকের সমাগম হয়েছে। আগামী দুই দিন আরও দর্শক বাড়বে বলে প্রত্যাশা করেছেন তারা।
আগামী রোববার পর্যন্ত মেলাটি চলবে।
বাংলাদেশে কম্পিউটার মেলা অনেকবার হলেও শুধু ল্যাপটপ নিয়ে মেলার আয়োজন এই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/১৪১৮ ঘ.
bdnews24