সিলেট, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ধরার কত না পদ্ধতি। কেউ ছিপ ফেলে নির্নিমেষ অপেক্ষার প্রহর গোনেন দিনভর, কেউবা আবার জালের বৃত্তে মুহূর্তে বন্দি করেন পানির রাজ্যে থাকা চতুর প্রাণীগুলোকে। মাছ ধরা বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে হাজারো বছর ধরে। একে ঘিরে উৎসব-পার্বণেরও কমতি নেই। গ্রামীণ সমাজে এমনি এক উৎসবেরই নাম 'পলো বাওয়া'।
নানান আয়োজনে সোমবার উৎসবটি পালিত হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামে।
সোমবার সকাল সাড়ে ৯টায় সম্মিলিত কণ্ঠে 'আইওরে পলো বাওয়াত...' এ রকম হাঁক ডাকের মধ্য দিয়ে শুরু হয় পলো বাওয়া, চলে ১২টা পর্যন্ত। কয়েকশ মানুষ পোলো নিয়ে মাছ শিকারে অংশ নেয়।
গোয়াহরি গ্রামের দক্ষিণের বড়বিলে পলো বাওয়া উৎসবে অংশ নিতে আসা ব্যবসায়ী আবদুল খালিক বলেন, "পলো বাওয়াত আইছি, মাছ মারার লাগি নায়, হকলে মিল্লা আনন্দ করার লাগি।"
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের বিলে (বড়বিল) বাংলা বছরের পহেলা মাঘ গোয়াহরি গ্রামবাসী পলো দিয়ে মাছ শিকার করেন। প্রায় আড়াইশ বছর ধরে চলমান এই 'পলো বাওয়া' এখন পুরো উপজেলার একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছে।
গ্রামের ছেলে বৃদ্ধ সবাই মিলে মেতে ওঠেন মাছ শিকারের আনন্দে। পলো নিয়ে যারা মাছ ধরতে নামেন, তাদের ওই সময়ে 'পলোওয়ালা' বলা হয়।
উৎসবে পলো হাতে বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শিশু-কিশোরেরাও যোগ দেয়। সিলেটের মধ্যে কেবল বিশ্বনাথ উপজেলার গোয়াহরি গ্রামবাসীরাই এ ঐতিহ্য ধরে রেখেছে।
আবদুল খালিক জানান, সকালে পলো বাওয়া উৎসব শুরুর আগে গ্রামের প্রবীণ ব্যক্তিরা পলো বাওয়াতে অংশগ্রহণকারীদের মধ্যে বাইরের গ্রামের কেউ আছেন কি না, তা পর্যবেক্ষণ করেন। উৎসবে গ্রামের লোকজন ছাড়া বাইরের গ্রামের কারো অংশ নেওয়ার রেওয়াজ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২৩০ ঘ.
bdnews24