সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা রাজেশ খান্না তার অভিনয় জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। এক সময়ের এই বলিউড হার্ট থ্রব 'কাশ মেরে হোতে' ছবির মাধ্যমে আবার ফিরে আসছেন রুপালী পর্দায়। খবর ভারতীয় ওয়েবসাইটের।
দীর্ঘ দিন পরে ফিরে এলেও রাজেশ খান্না আশা করেন দর্শকরা 'কাশ মেরে হোতে ' ছবিতে তার অভিনয় পছন্দ করবে। খান্না বলেন, "ছবিতে আমি একটি ব্যাতিক্রমী চরিত্রে অভিনয় করছি। আমি আশা করি দর্শকরা আমার অভিনয় জীবনের প্রথম পর্বে যে ভালবাসা দিয়েছেন এবারও একই ভাবে আমাকে তারা বরণ করে নেবেন।"
ছবিটির সঙ্গীত পরিচালনা করছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রাবণ। এবং প্রধান চরিত্রে অভিনয় করছেন লুধিয়ানার কুমার সাহিল। খান্না আরও বলেন ," আমরা সাহিলকে লুধিয়ানার যুবরাজ বলে ডাকি এবং সে যদি আগামীতে এবজন বিখ্যাত সুপারস্টারে পরিনত হয় তাহলে শুধু লুধিয়ানা এবং পাঞ্জাবই নয় বরং সারা দেশ তাকে নিয়ে গর্ব অনুভব করবে।"
বদল যাওয়া বলিউড সম্পর্কে মন্তব্য করতে গিয়ে খান্না বলেন "সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন এখানকার নবীন পরিচালক এবং টেকনিশিয়ানরা। গুনে মানে এরা প্রায় হলিউডের সমকক্ষ। তবে যে জিনিসটি হারিয়ে গেছে তা হল চিত্রনাট্যের আত্মা । আমি চাই নবীন পরিচালকরা ভাল চিত্রনাট্য নিয়ে কাজ করুক।"
রাজেশ খান্নার হাতে আরও আটটি ছবি রয়েছে যার মধ্যে তিনটি প্রায় সমাপ্তির পথে এবং আগামী দুমাসের মধ্যে একে একে মুক্তি পাবে এগুলো।
বলিউডের সুপারস্টার রাজেশ খান্না ১৯৬৯ সালে 'আরাধনা' ছবির মাধ্যমে খ্যাতি লাভ করেন। সত্তর দশকের প্রথম দিকে খান্না অনেক রোমান্টিক ছবিতে অভিনয় করেন যাদের অধিকাংশের নায়িকা ছিলেন মুমতাজ বা শর্মিলা ঠাকুর। তার খুবই ব্যাবসা সফল কয়েকটি ছবি হল 'আনন্দ (১৯৭০) ' , 'অমর প্রেম ( ১৯৭১)' , ' আন্দাজ ( ১৯৭১ )' , ' বাবুর্চি ( ১৯৭২ )', ' দাগ (১৯৭৩)' , এবং ' নিমকহারাম ( ১৯৭৩)'।
খান্নার সাম্প্রতিক ছবিগুলোর মধ্যে ছিল ' আ আব লওট চলে ' (১৯৯৯), ' কেয়া দিলনে কাহা ' ( ২০০২) এবং 'জানা (২০০৬)'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৬৪২ ঘ
bdnews24