সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রবিবার ইন্ডিয়ান আইডলের চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত দুই প্রতিযোগী প্রশান্ত আর অমিত ছিলেন জানি দোস্ত। শেষের দিকের প্রতিটি অনুষ্ঠানে দুইজন হাতে হাত রেখে হাজির হয়েছেন মঞ্চে। যখন ইন্ডিয়ান আইডল হিসেবে প্রশান্ত'র নাম ঘোষণা করা হয় তখনো অমিতের চোখে মুখে আনন্দের ছটা দেখা গেছে। এর খানিকবাদেই ভারতের এক সংবাদ সংস্থার সঙ্গে আলাপকালে অমিত বলেছেনও, " আমি খুবই খুশি যে আমার সেরা বন্ধুটিই পুরস্কারটা পেলো। আমি পাইনি তাতে কী হয়েছে, ওর কাছে যাওয়া আর আমার কাছে আসা একই ব্যাপার।"
আর পুরস্কার হাতে প্রশান্ত বলেন, " আমার কাছে আমরা দুজনেই বিজয়ী। অমিত যদি বিজয়ী হতো আমি একইভাবে খুশি হতাম। শুরু থেকেই সে আমাকে ছায়ার মতো সঙ্গ দিয়েছে।"
প্রতিযোগিতার উত্তেজনা শেষ। প্রশান্ত ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সনির সঙ্গে। অমিত আশাবাদী, বেশ কিছু ভালো কাজ করার সুযোগ পাবেন তিনিও।
অমিত বলেন, "এখন আর পিছন ফিরে তাকানোর কিছু নেই। প্রতিভা যোগ্যতা দিয়ে আমি এখন লক্ষ কোটি শ্রোতার হৃদয় জয় করতে চাই। আমি আশাবাদী আমি এটা করতে পারব।"
তবে প্রশান্তের জন্য কিছু উদ্বেগের ব্যাপার থেকে যাচ্ছে। সনির সঙ্গে এক বছরের চুক্তিকে কার্যকর করতে কলকাতা পুলিশের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে তাকে। প্রশান্ত বলেন, " আমি এখন কলকাতা ফিরে যাব। চুক্তি অনুযায়ী গান গাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার চেষ্টা করবে।"
প্রশান্ত ও অমিত দুজনেরই বয়স ২৪ বছর। প্রশান্ত এসেছেন দার্জিলিং থেকে, অন্য জন শিলংয়ের কৃতী সন্তান।
ইন্ডিয়ান আইডলের বিচার পদ্ধতি নিয়ে এদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। অমিত মনে করেন এখন যেভাবে আছে সেভাইে চলতে পারে ইন্ডিয়ান আইডল। তার বক্তব্য, "আমার মনে হয় না এর পদ্ধতি বদলানোর কোন প্রয়োজন আছে। যেভাবে আছে সেভাবেই ইন্ডিয়ান আইডল সেরা হিসেবে আছে, থাকুক।"
প্রশান্ত বলেন, " এই প্রতিযোগিতার বিস্তার আরো ছোট ছোট শহরে হওয়া উচিত। সে সব জায়গাতেও অনেক প্রতিভা লুকিয়ে আছে। ওই পর্যন্ত না গেলে আসল প্রতিভার সন্ধান মিলবে না।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১৫ ঘ
bdnews24