সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- "বুড়ো হয়ে যাচ্ছি। ৩৫ বছর পার হয়ে গেলো। এখন পাকা চুল লুকাতে কলপ দিতে হচ্ছে।" আক্ষেপ করে বলেছেন করন জোহর। রোববার ভারতের এক ইংরেজি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে বলিউড পরিচালক বলেন, "একটা সময় ছিল যখন কবে আমার বয়স একুশ হবে এই ভাবনায় অস্থির ছিলাম। আর এখন ৩৫ বছর বয়সটাকেই আমি খুবই অপছন্দ করি।"
করন সকৌতুকে বলেন, "সবচেয়ে ভালো হতো যদি আমার বয়সটা চিরকাল ২১ থেকে ২৯ এর মধ্যে আটকে থাকতো।"
ছবি পরিচালনা ছাড়াও জনপ্রিয় টক শো 'কফি উইথ করন' এর উপস্থাপক করন। এই অনুষ্ঠানে বলিউডের শীর্ষ তারকাদের মধ্যে উপস্থিত হয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, রানী মুখার্জী, প্রীতি জিনতাসহ অনেকেই।
টক শোটির তুমুল জনিপ্রয়তা সত্ত্বেও করন বলেন যে, চলচ্চিত্রই তার প্রথম ভালোবাসা, এখন তার পুরোটা সময় জুড়ে থাকবে তার পরের ছবির কাজ।
করন বলেন, " আমার কাছে অনুষ্ঠান বা কোন পুরস্কার প্রদান অনুষ্ঠান উপস্থাপনা শখের বিষয়। কিন্তু এখন এগুলি সবই এখন পিছনে চলে যাবে। সামনে থাকবে আমার ছবির কাজ।"
করন জোহর পরিচালতি বিখ্যাত ছবিগুলির মধ্যে আছে 'কভি আলবিদা না কেহনা', 'কভি খুশি, কভি গম' ও 'কাল হো না হো'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১২ ঘ
bdnews24