সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ্বের প্রত্যেকটি মানুষের অন্নের যোগান নিশ্চিত করার দাবিতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা সমাজকর্মীদের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতের শাবানা আজমীও। জাতিসংঘের সাধারন সম্মেলনে সামনে রেখে সেপ্টেম্বরের ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সমাবেশে থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট থেকে শুরু করে নাইজেরিয়ার অভিনেতা সহ বিভিন্ন পেশার বিখ্যাত ব্যাক্তিত্ত্বরা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এ প্রসঙ্গে শাবানা বলেন, "এটা তো খুবই সহজবোধ্য একটা ব্যাপার। সবার থালায় খাবার দরকার। এর আগে জাতিসংঘের সাধারন সম্মেলনে তারা প্রতিজ্ঞা করেছিল ২০১৫ সালের মধ্যে বিশ্ব থেকে ক্ষুধাকে দূর করবে। এখনো পর্যন্ত সে লক্ষ্যের শতকরা ৫০ ভাগও অর্জিত হয়নি। সুতরাং সারা দুনিয়া থেকে এখানে জড়ো হয়ে আমরা তাদেরকে সে কথাটাই আবার স্মরণ করিয়ে দিতে চাই যে, সবার থালায় খাবার দাও।"
ক্ষুদ্ধ কণ্ঠে অভিনেত্রী বলেন, " আমরা উন্নতির কথা বলি। যখন সব মানুষ ঠিকমতো খেতে পারছে না তখন কী করে আমরা উন্নতির কথা ভাবি? মানুষ এখনো না খেয়ে মারা যাচ্ছে।"
তার বতর্মান কর্মসূচী সম্পর্কে শাবানা জানান, "জাতিসংঘের সাধারন সম্মেলন শেষ হলে ইয়েলে একটা প্যানেল ডিসকাশনে অংশ নেবো। এরপর ভারতের ষাট বছর পুর্তি উপলক্ষে বিবিসির এক অনুষ্ঠানে অংশ নেবো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬২৯ ঘ
bdnews24