সেপ্টেম্বর ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একদা তিনি ছিলেন ভারতের বিখ্যাত গায়িকা এবং নৃত্যশিল্পী। তার আরেকটি পরিচয় তিনি ভারতের বিখ্যাত সুরস্রষ্টা ও গায়ক শচীন দেব বর্মনের স্ত্রী। অথচ আজ তাকে দেখলে সে অতীতটাকে মিথ্যে মনে হয়। মীরা দেব বর্মন এখন মুম্বাই-এর এক বৃদ্ধাশ্রমে কষ্টকর জীবন কাটাচ্ছেন। খবর ভারতীয় ওয়বসাইটের।
মীরা দেব বর্মনের ছেলে রাহুল দেব বর্মনের স্ত্রী গায়িকা আশা ভোঁসলে। সাত মাস আগে আশা ভোঁসলে মীরা দেব বর্মনকে মুম্বাইয়ের ভাসী এলাকার এক বৃদ্ধাশ্রমে রেখে আসেন। এই বৃদ্ধাশ্রমের নাম 'শরণ'। মীরার এক আত্মীয়া শুক্লা দাশগুপ্ত তাকে এই বৃদ্ধাশ্রমে দেখতে গিয়েছিলেন। তাকে মীরা বলেন, "আমি বৃদ্ধাশ্রমেই মরবো। আমি এখানে কষ্টে আছি, তারপরও আমি এখান থেকে কোথাও যাবো না।"
দাশগুপ্ত জানান, "তিনি খুব অভিমানী। তার ইচ্ছা ও চাহিদার কথা মুখ ফুটে বলতে পারেন না। শরণের দ্বিতীয় তলার ঘরটা ছাড়তে চান না তিনি। "
উল্লেখ্য, শচীন দেব বর্মন ভারতের ত্রিপুরা রাজ্যের এক রাজ পরিবারের সন্তান ছিলেন। ১৯৩৭ সালে এলাহাবাদে এক সঙ্গীতানুষ্ঠানে মীরার সাথে তার পরিচয় হয়। তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মীরা ছিলেন কলকাতার বিচারপতি রায়বাহাদুর কমলনাথ দাশগুপ্তের নাতনী।
এই দম্পতির ছেলে আরডি বর্মন পরে তার পিতা এসডি বর্মনের মতোই বলিউডের বিখ্যাত সুরস্রষ্টায় পরিনত হন।
মীরা ১৯৭৫ সালে তার স্বামী ও ১৯৯৪ সালে তার ছেলে হারান।
শরণের এক কর্মকর্তা টেলিফোনে জানান, "গত সাত মাস আগে আশা ভোঁসলে তাকে শরণে রেখে যান। এখানে তার জন্য দুজন পরিচারক রাখা আছে। তিনি এখন হাঁটতে পারেন না।"
১৫ সেপ্টেম্বর ত্রিপুরার রাজ্য সরকার মীরাকে শরণে সংবর্ধিত করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯২৬ ঘ
bdnews24