সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হিন্দু এক দেবীর নগ্ন ছবি আঁকার দায়ে ভারতের বিশিষ্ট চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের বিরুদ্ধে হরিদ্বারের এক আদালতে মামলা হয় বেশ কিছুদিন আগে। বুধবার ভারতীয় সুপ্রীম কোর্ট সেই মামলা হরিদ্বার থেকে সরিয়ে দিল্লি কোর্টে পাঠিয়ে দিয়েছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
এর আগে বিচারক কে এস শুক্লা এই নগ্ন ছবি আঁকার অপরাধে মে মাসে তার সমস্ত সম্পত্তি ক্রোক করার জন্য মুম্বাই পুলিশকে নিদের্শ দেন। কিন্তু পরে দেখা যায় এসব সম্পত্তি ফিদা হুসেনের ছেলের। ফিদা হুসেন এক আবেদনে মামলাটি দিল্লিতে সরিয়ে নিতে অনুরোধ জানান। তারই ভিত্তিতে এই মামলা দিল্লিতে সরিয়ে নেয়া হলো।
২০০৬ সালের মার্চে হিন্দু এক দেবীর নগ্ন ছবি আঁকার অপরাধে ফিদা হুসেনের বিরুদ্ধে এক মামলা দায়ের করেন অ্যাডভোকেট অরবিন্দ শ্রীবাস্তব। তিনি এই মামলায় অভিযোগ করেন, চিত্র প্রদর্শনের মাধ্যমে ফিদা হুসেন বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর অনুভূতিকে আঘাত করেছেন যা ভারতীয় দণ্ডবিধির সুস্পষ্ট লংঘন।
ফিদার আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তার পক্ষে স্পেশাল পাওয়ার অব এটর্নির দায়িত্ব পালন করছেন চাওলা ধর্মভীরু। তিনি জানান, "হরিদ্বারে এই মামলার শুনানি হলে ফিদা হুসেনের জন্য সেটা বিপদজনক ছিলো। কারণ সেক্ষেত্রে তার গ্রেফতার হওয়া ছাড়া গত্যন্তর ছিল না।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২০১৮ ঘ
bdnews24