সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সনি টিভিতে প্রচারিত ইন্ডিয়ান আইডল এখন বেশ জনপ্রিয় একটা অনুষ্ঠান। কে না চায় এই প্রতিযোগিতার ফলাফল আগেভাগেই জেনে নিতে! চাইলে আপনিও জানতে পারেন। তার জন্য চ্যানেল সার্ফ করে আপনাকে যেতে হবে নেপালি টিভিতে। কারণ এই নেপালের টিভি ইন্ডিয়ান আইডলের আগাম খবরাখবর দিচ্ছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
ভারতের মতো নেপালেও ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়। কারণ প্রথমবারের মতো এক নেপালী বংশোদ্ভুত এই প্রতিযোগিতায় প্রথম ১০ জনের মধ্যে শুধু জায়গা নেয়নি, রয়েছে প্রথম তিনজনের তালিকাতেও।
এই প্রতিযোগী হলো প্রশান্ত। শনিবার বিজয়ী হয়ে এখন প্রথম তিনজনের মধ্যে আছে প্রশান্ত টামাং। প্রশান্তর পূর্বপুরুষ ছিল নেপালি। ইতিমধ্যে সে দর্শক শ্রোতাদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। নেপালে তার জনপ্রিয়তা গগনচুম্বী।
ইন্ডিয়ান আইডলের চুড়ান্ত পর্ব আর দুই সপ্তাহ পর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নেপালের দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ম্যাগাজিন এবং টিভি চ্যানেলগুলো প্রশান্তর এই সাফল্য ফলাও করে প্রচার করা হচ্ছে। দার্জিলিং এর এই ছেলের গানে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলো না। বাবার অকাল মৃত্যুর পর প্রশান্ত বালক বয়স থেকেই সংসার চালানোর জন্য কাজ করতে বাধ্য হয়।
শনিবার নেপালের সবচেয়ে বড় বেসরকারি মিডিয়া হাউজ কান্তিপুর টিভির সন্ধ্যার সংবাদে ঘোষনা করা হয় প্রশান্ত সেরা তিনের মধ্যে আছে। আর এটা প্রচার করা হয় সনি টিভিতে ইন্ডিয়ান আইডল প্রচারের প্রায় এক ঘন্টারও আগে। এই খবরে আরো বলা হয়, এ পযর্ন্ত টিকে থাকা একমাত্র মেয়ে অঙ্কিতা মিশ্র বাদ পড়েছে।
শুধু তাই নয়, এর আগে এই চ্যানেলটির সহযোগী পত্রিকা কাঠমান্ডু পোস্ট আগাম জানিয়েছিলো, পূজা ও দিপালী ভোটে বাদ পড়ে যাবে।
নেপাল ফিল্ম ইন্ড্রাস্ট্রি শীঘ্রই একটা সিনেমা তৈরি করতে যাচ্ছে। আর তাতে প্লেব্যাক গায়ক হিসেবে প্রশান্তর অভিষেক হচ্ছে।
উল্লেখ্য, উদিত নারায়নও নেপালের সীমান্তবর্তী এলাকা সপ্ততরী জেলার মানুষ। তিনি নেপালী ভাষায় কথা বলতে পারেন। শোনা যাচ্ছে , তিনি 'দার্জিলিংকি চেলি, কাঠমুন্ডুকি জওয়ান' নামের এক চলচ্চিত্রের কাজে খুব শিগগিরই নেপাল যাচ্ছেন। এটা তার তৃতীয় চলচ্চিত্র।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯২৪ ঘ
bdnews24