সেপ্টেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মার্শাল আর্টে প্রশিক্ষন নিতে সুস্মিতা সেন চীন যাচ্ছেন। 'ঝাঁসি কি রাণী' ছবিতে আরও দক্ষতার সঙ্গে অভিনয়ের জন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন। আগামী বছর ছবিটির শুটিং শুরু হবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বলিউড অভিনেত্রীর ঘনিষ্ট এক সূত্র থেকে জানায়, সুস্মিতা ছবিটিতে ভালোভাবে কাজ করার জন্য নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন। ছবির চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষ।
ছবিটিতে প্রচুর যুদ্ধের দৃশ্য রয়েছে। ছবির প্রয়োজনে সুস্মিতা তলোয়ার যুদ্ধ এবং ঘোড়া চালানো শিখবেন বলে জানা গেছে।
ছবিটির প্রডাকশন কোম্পানি তন্ত্রসূত্রের এক মুখপাত্র জানায়, "মার্শাল আর্ট শেখার ফলে সুস্মিতা লাভবানই হবেন। নমনীয় এবং শক্তিশালী শরীর গঠন ছাড়াও এই প্রশিক্ষন মনোসংযোগ বাড়াতেও সাহায্য করবে তাকে। চলতি বছরের শেষের দিকে কিছু দিনের জন্য তিনি চীনে যাবেন।"
সুস্মিতা চীনের কয়েকজন মার্শাল আর্ট বিশেষজ্ঞর সঙ্গে কথা বলেছেন ইতিমধ্যেই এবং সে মোতাবেক তার কর্মসূচি ঠিক করেছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯১৯ ঘ
bdnews24