সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সময়ের ভাল ব্যবহার সালমান বেশ ভালই জানেন। যোধপুর জেলে তার স্বল্পকালীন অবস্থানের সময় তিনি প্রায় ১৫টি স্কেচ এঁকেছেন। বাকি সময়টি তিনি কাটিয়েছেন ব্যায়াম করে। তার কোমরের মাপ প্রায় দু ইঞ্চি কমে গেছে বলে জানিয়েছেন বলিউড অভিনেতা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
যোধপুর জেলের ছটি দিন তিনি ব্যয় করেছেন প্রিয় দুটি শখের পেছনে। যোধপুর থেকে বাসায় ফেরার পর সালমানের এক অনুজপ্রতিম বন্ধু জানিয়েছেন ,"ভাইকে বেশ সুন্দর লাগছিল। বাসায় উপস্থিত প্রায় পাঁচশ লোকের সঙ্গে ভাই কোলাকুলি করে বলেছেন, 'চিন্তা কোরনা, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে।"
বন্ধুটি জানান যে, সালমান ঠাট্টা করে বলেছেন, জেলে থাকতে কোন বিশেষ যন্ত্রপাতি ছাড়াই তিনি ব্যায়াম করেছেন এবং কোমরের মাপ দুই ইঞ্চি কমিয়ে ৩১ ইঞ্চিতে নামিয়ে এনেছেন।
চিত্রকর্মের প্রতি সালমানের ঝোঁক সম্পর্কে তার বন্ধু বলেন , " উনি স্কেচ আঁকা নিয়েই ব্যাস্ত ছিলেন। আঁকি বুকির প্রতি তার আকর্ষনের কথা আমরা সবাই জানি এবং জেল কর্তৃপক্ষকে তিনি এ কাজের জন্য কাগজ ও পেন্সিল সরবরাহের অনুরোধ করেছিলেন। তিনি প্রায় পনেরটি স্কেচ এঁকেছেন। সালমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে তিনি এই স্কেচগুলো প্রদর্শন করবেন।"
সালমানের ভাই আরবাজ খানও এই বক্তব্যকে সমর্থন করে বলেছেন , " সালমান ভাই জেলে বসে কিছু স্কেচ এঁকেছেন। আমি সংখ্যাটি ঠিক বলতে পারব না। মনে হয় তা দশের বেশিই হবে। স্কেচগুলো যোধপুরে আছে এবং শিঘ্রই মুম্বাইয়ে আনা হবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯২৫ ঘ
bdnews24