আগস্ট ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- যোধপুরের জেলে বেশ কষ্টেই আছেন সালমান খান। জেলের খাবার বা পরিবেশ কোনটাই মেনে নিতে পারছেন না এই বলিউড তারকা। জেলে মশার কামড়ে অতিষ্ট হয়ে উঠেছেন তিনি। শরীর চর্চা ও স্কেচ আঁকাআঁকি করে সময় কাটানোর চেষ্টা করছেন এই মাসলম্যান। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বর্তমানে সালমানের বাবা সেলিম খান ও মা সালমা পরিবারের অন্য সব সদস্যদের সঙ্গে যোধপুরে অবস্থান করছেন। বুধবার রাজস্থান হাইকোর্টে তার রিভিশন এবং জামিন আবেদনের উপর শুনানি শেষে সালমানকে সঙ্গে নিয়ে ফিরে যাবার আশা করছেন তারা। জেল সুত্রে জানা যায়, এই দর্শক নন্দিত অভিনেতা তেমন কিছু খাচ্ছেন না, মশার উৎপাতে অতিষ্ঠ এবং নিদ্রাহীন দ্বিতীয় রজনী পার করেছেন।
অভিনেতা তার সখ স্কেচ আঁকায় নিজেকে ব্যস্ত রেখেছেন । এর আগে সালমানের আইনজীবি আদালতের একটি পিটিশান দাখিল করেন যাতে জরুরী ভিত্তিতে সোমবার মামলাটির শুনানি করা হয়। কিন্তু আদালত জানান বুধবার আপিলটির শুনানি হবে।
যোধপুর জেলে ইতিমধ্যেই সালমান দু'রাত কাটিয়েছেন। আবেদনে সালমান বলেছেন যে, তার এই মামলার বিরুদ্ধে কোন সাক্ষ্য প্রমাণ নেই এবং কোর্টে দেয়া তার ড্রাইভার হরিশ দুলানির সাক্ষ্যের কোন বিশ্বাসযোগ্যতাও নেই, কারন ঘন ঘন সে তার বক্তব্য বদলাচ্ছে।
১৯৯৮ এর ২৮ সেপ্টেম্বর যোধপুরের কাছাকাছি গোদা ফার্মে সুরাজ বারজাতিয়ার বিশাল বাজেটের ছবি 'হাম সাথ সাথ হ্যায় ' ছবির শুটিং চলাকালে একটি চিঙ্কারা হরিন শিকারের দায়ে ৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে সালমানকে।
একজন আইনজীবী জানান, "আদালত বুধবার নথি পত্র চাইতে পারেন অথবা তার জামিন মঞ্জুর করতে পারেন । যদি যোধপুর হাইকোর্ট নিম্ন আদালত থেকে দলিল পত্র তলব করে তাহলে মামলাটি ৩ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।"
যোধপুর সেন্ট্রাল জেলের ৩৪৩ নম্বর কয়েদি সালমান সোমবার সকালে নাস্তা হিসেবে খেয়েছেন গুড়, চানা এবং চা । জেল কর্তৃপক্ষের একটি সুত্র একটি সংবাদ সংস্থাকে জানান, সালমান খুব সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষন ব্যায়াম করেছেন এবং তার পরে তাকে স্বাভাবিক নাস্তা দেয়া হয়। ইতিমধ্যে তার কিছু দারুন ভক্ত তার আশু মুক্তি কামনা করে আজমীর শরীফে সুফি সাধক খাজা মইনুদ্দিন চিশতির দরগায় প্রার্থনা করেছেন।
শুক্রবার জেলা এবং সেশন কোর্ট তাকে দেয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের পাঁচ বছরের কারাদন্ড বাতিলের আবেদন নাকচ করে দিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১১৫ ঘ
bdnews24