আগষ্ট ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এয়ার কুলার শার্ট! মানে যে জামা নিজে নিজেই শরীর ঠান্ডা রাখে! শুনে হয়তো অনেকে বলবেন 'আরে এটা তো বিজ্ঞান কল্পকাহিনীতে পড়েছি!' তাদের অবগতির জন্য জানাচ্ছি, জ্বি না ওটা এখন আর বিজ্ঞান কল্পকাহিনী নয়, জাপানে বিক্রি হচ্ছে দেদারছে এই এয়ার কুলার শার্ট।
কুচোও-ফুকু নামের একটি প্রতিষ্ঠান এয়ার কুলিং শার্ট ও জ্যাকেট তৈরি করছে। শার্টটি বেশ আরামদায়ক। এমনকি শরীর ঘেমে গেলেও এটি কাজ করে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিরোশি ইচিগায়া জানায়, এই শার্ট একটি ছোট এয়ার কুলারের প্রায় ৫০ ভাগের এক ভাগ সমান কাজ করে শরীরকে ঠান্ডা রাখে।
তিনি আরো জানান, এতোদিন শুধু ঘর ঠান্ডা করার জন্যই এয়ার কুলার ব্যবহৃত হয়েছে। এবার আমরা শরীর ঠান্ডা রাখার জন্যও এটা ব্যবহার করছি।
এই শার্টে দুটো ছোট ছোট ফ্যান বিশেষ পদ্ধতিতে সেলাই করা আছে। এই ফ্যান ছোট ব্যাটারির সাহায্য চালু থাকে। শরীরের চামড়ার উপরের ঘামকে স্বয়ংক্রিয়ভাবে বাতাস প্রবাহের মাধ্যমে শুকিয়ে ফেলে এই ফ্যান। আর এতেই কমতে থাকে শরীরের তাপমাত্রা। বর্তমানে জাপানে অত্যাধিক গরমের কারনে এই শার্টের বিক্রিও বেড়ে গেছে।
প্রায় ১০ ধরনের বৈচিত্র্যময় রঙে এই শার্ট পাওয়া যাচ্ছে। প্রতিটি শার্টের মুল্য ১১ হাজার ইয়েন (৫৯ পাউন্ড)। বাংলাদেশী টাকায় প্রায় আট হাজার টাকা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/ ২৩২০ ঘ.
bdnews24