আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- অনেকেই যেমনটা মনে করেন খাবার দাবার নিয়ে বিদ্যা বালান মোটেই তেমন খুঁতখুঁতে নন। স্রেফ ভাত আর ডাল হলেই মজাসে খাবার সেরে ফেলতে পারেন এই বলিউড তারকা। তবে কিছু পছন্দের খাবার তো তার অবশ্যই আছে। আর রয়েছে তার প্রিয় পানীয় মাসাল চা। বালানের এই খাদ্যরুটির খবর জানিয়েছে ভারতীয় একটি ওয়েবসাইট।
তার পছন্দের খাবারের মধ্যে রয়েছে পরাটা, মাসালা চা, থাই খাবার, কেক ও পেস্ট্রি আর মায়ের হাতের রান্না করা যে কোন খাবার। তারকার জবানীতে আরেকটু বিস্তারিত জানা যাক তার পছন্দের খাবার সম্পর্কে।
পরাটা : যে কোন রকমের পরাটা দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। আলু পরাটা, গোবি পরাটা, পনির পরাটা....যে কোনটা সামনে এলেই আমার জিবে পানি চলে আসে। 'ভুল ভুলাইয়া' ছবির শুটিং করার সময় আমি পরিচালক প্রিয়দর্শনের টিফিনই খেতাম কারন সেখানে ছিল পরাটা। আর ছিল করলার সব্জি, আর নুডলসের মতো একটা খাবার।
মাশালা চা : মাশালা চা ছাড়া আমার একদমই চলে না। যখন বেড়াতে যাই সঙ্গে নিয়ে যাই আমার পছন্দের চা আর মশলাপাতি। ফলে চা নিয়ে আফসোস করতে হয় না আমাকে।
থাই : থাই খাবার আমার খুব পছন্দ। গরম ভাত আর সব্জির তরকারি আমার বহুদিনের প্রিয় খাবার।
কেক পেস্ট্রি : এসব খাবার থেকে আমার দূরে থাকা উচিত, কিন্তু কী বলবো, বিশেষ করে চকোলেট কেক বা পেস্ট্রি সামনে পরলে আমাকে ঠেকিয়ে রাখা মুশকিল।
মায়ের রান্না : বাসায় রান্না করা খাবার আমার প্রথম পছন্দ। আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো সেটা আমার জন্য অমৃতসমান। আমার বোক খোঁটা দিয়ে বলে, মা যদি আমাকে লবন না দিয়েও কোন খাবার তৈরি করে দেয় তো সেটাও আমি গোগ্রাসে খেয়ে ফেলবো। আমার মনে হয় ভালোবাসাই খাবারের স্বাদ পাল্টে দেয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮৫৮ ঘ
bdnews24