আগস্ট ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাধারন মানুষের মতো তারকাদেরও আছে বিচিত্র সব শখ। কেউ ম্যাচ বাক্স জমান, কেউ সংগ্রহ করেন বিভিন্ন রকম কলম। বলিউড তারকা আমিশা প্যাটেলের শখ সাবান জমানো। পৃথিবীর বিভিন্ন দেশের শ' পাঁচেক সাবান সংগ্রহ করেছেন এই তারকা। খবর ভারতীয় এক ওয়েবসাইটের।
এক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বর্তমানে নরওয়ে রয়েছেন তিনি। ধারণা করা যায় ফেরার পথে সে দেশের কিছু সাবানও থাকবে তার সংগ্রহে।
আমিশা বলেছেন, "সুগন্ধিযুক্ত সাবান আমার দারুন পছন্দ।" পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুঁতখুতে এই তারকা জানান, "বিস্তর শাওয়ার জেল এবং বাথ বম্বও সংগ্রহে রয়েছে আমার। সারা দুনিয়া থেকে এগুলি সংগ্রহ করেছি আমি।"
"আমার সাবানগুলো অধিকাংশই হাতে তৈরি। ওজন হিসেবে এগুলি কেনা যায়। আমার কাছে হৃৎপিন্ড, ফুল, স্নুপি অ্যান্ড গারফিল্ড ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সাবান আছে। এসবের একেকটার রং, সুবাসও একেকরকম।" জানিয়েছেন আমিশা।
আমিশা সাধারনত তার বাথরুমে ৮টা ভিন্ন রকমের সাবান রাখেন। একেকদিন গোসলে একেকটা সাবান ব্যবহার করেন। তার নিজের পছন্দের কথা জানাতে গিয়ে প্যাটেল বলেন, " প্যারিসের রজার গ্যালে এবং শ্যানেল আমার প্রিয় সাবান।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭০৫ ঘ
bdnews24