আগস্ট ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রবিবার রাতে বাংলাদেশের আকাশে পারসেইড মেটিওর শাওয়ারের নৈসর্গিক দৃশ্য দেখা যায়নি তেমনভাবে। আবহাওয়ার কথা মাথায় রেখেই বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিও আনুষ্ঠানিকভাবে আকাশ পর্যবেক্ষণের উদ্যোগ নেয়নি। বিচ্ছিন্নভাবে অনেকেই সঞ্চরণশীল মেঘের ফাঁকে ফাঁকে কিছু উল্কাপাতে ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে জানান। তবে উত্তর গোলার্ধের অনেক দেশের মানুষই এই নান্দনিক উল্কাপাতের দৃশ্য দেখেছেন বলে জানিয়েছে বিবিসিসহ বিভিন্ন সংবাদ মাধ্যম।
ঢাকার মিরপুর ও তেজগাঁও এলাকা থেকে আলাদাভাবে দুজন জানিয়েছেন যে তারা গভীর রাতে একাধিক উল্কাপাতের ঘটনা প্রত্যক্ষ করেছেন। মিরপুরের ফয়সাল রায়হান জানান তিনি রাত ২টা নাগাদ ৪টা উল্কাপাতের দৃশ্য প্রতক্ষ করেছেন। তেজগাও এলকার তুহীন বাবুও কাছাকাছি সময়ে একাধিক উল্কাপাতের দৃশ্য দেখেছেন বলে জানান।
বাংলাদেশ অ্যাস্ট্রানমিক্যাল সোসাইটির সভাপতি এফ আর সরকার সরকার নিয়মিতই এ ধরনের উল্কাপাতের দৃশ্য দেখেন। তবে এবার পারসেইড মিটিওর শাওয়ার দেখতে পারেননি তিনি। সরকার জানিয়েছেন অতীতে এমন ঘটনায় আনুষ্ঠানিক উদ্যোগ নিলেও এবার নানা কারনে সেটি সম্ভব হয়নি। আর ধানমন্ডির যে ফ্লাটে তিনি থাকেন সেখান থেকে উত্তর পূবের আকাশ দেখা দুঃসাধ্য। ফলে এই নৈসর্গিক ঘটনাটি ব্যাক্তিগতভাবেও দেখতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন তিনি।
এই ধরনের নৈসর্গিক ঘটনা প্রায়শ পর্যবেক্ষনের আয়োজন করে থাকে বাংলাদেশ অ্যাস্টোনমিক্যাল এসোসিয়েশন। এসোসিয়েশনের সাধারন সম্পাদক মশহুরুল আমিন মিলন জানালেন, "এর আগে লঞ্চে করে শীতলক্ষ্যায় গিয়ে আমরা লিওনিদ উল্কাবৃষ্টি দেখানোর আয়োজন করেছিলাম। এবারও আমাদের ইচ্ছা ছিল এরকম কিছু করার। কিন্তু বন্যার কারণে ও দুর্গতদের কথা মাথায় রেখে আমরা সে পরিকল্পনা বাদ দিয়েছিলাম। ব্যাক্তিগতভাবে আমি উল্কাপাতের দৃশ্য দেখে পারিনি।"
এদিকে বাংলাদেশের বাইরে অনেক দেশ থেকেই দেখা গেছে এই নৈসর্গিক ঘটনা। যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিকাল সোসাইটির ডক্টর রবার্ট ম্যাসির বরাত দিয়ে বিবিসি জানায়, উত্তর পূর্ব দিকের যে অংশে আকাশ পরিস্কার ছিল সেসব জায়গায় ঘন্টায় প্রায় ১ শত উল্কাপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।
ম্যাসি বলেন, "এ এমন এক নৈসর্গিক দৃশ্য যা সবাই উপভোগ করতে পারে। সবচেয়ে মজার বিষয় হলো এটা দেখার জন্য আপনার চোখই যথেষ্ট, টেলিস্কোপ বা অন্য কোন যন্ত্রপাতি দরকার নেই। ঘরের বাইরে যাবেন, আকাশের দিকে তাকাবেন আর উপভোগ করবেন এই নান্দনিক মহাজাগতিক ঘটনা।"
মহাকাশের ধূলিকণা বা ভারী কোন বস্তু তীব্র গতিতে পৃথিবীর বায়ূমন্ডলে ঢোকার সময় প্রচন্ড সংঘর্ষের ফলে জ্বলে ওঠে ও অগ্নিষ্ফুলিঙ্গ তৈরি করে। এর ফলেই দেখা যায় উল্কাপাত।
সূর্যকে প্রদক্ষিন করে যাওয়া এক ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার সুবাদে তৈরি হয় এই নান্দনিক উল্কাপাতের দৃশ্য।
এবারের উল্কাপাতটি শুরু হয়েছে ২৪ জুলাই থেকে। তবে অমাবস্যার কারণে উত্তর গোলার্ধে রবিবার রাতেই সবচেয়ে ভালো দেখা গেছে এই উল্কাপাত।
'সুইফট টাটেল' নামের এক ধূমকেতুর ধূলিকণা থেকে তৈরি হচ্ছে এই উল্কাপাত। ১৩৩ বছরে এই ধূমকেতু একবার সূর্যকে প্রদিক্ষণ করে।
প্রতি বছরই জুলাই আগস্ট নাগাদ পৃথিবী ওই ধূলিকণামন্ডলের মধ্যে দিয়ে যায়। ফলে তখন উল্কাবৃষ্টি হয়।
পারসিয়াস তারামন্ডলের দিক থেকে এই উল্কাবৃষ্টি হওয়ার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা একে পারসেইড মেটিওর শাওয়ার বলে থাকেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪২৪ ঘ
bdnews24