২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসাধারণ উল্কাবৃষ্টি দেখা যাবে রোববার রাতে, যদি....

প্রকৃতি বাধ না সাধলে আজ রাতে বাংলাদেশের মানুষ দেখতে পাবেন এক নৈসর্গিক দৃশ্য। মাঝরাত থেকে ভোর অব্দি পুরো আকাশ জুড়ে দেখা যাবে চমৎকার উল্কাবৃষ্টি। সূর্যকে প্রদক্ষিন করে যাওয়া এক ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার সুবাদে তৈরি হবে এই নান্দনিক উল্কাপাতের দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই উল্কাপাত বাংলাদেশসহ উপমহাদেশের প্রায় সব জায়গা থেকেই দেখা যাবে। এ ব্যাপারে জ্যোতির্বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ আর খান বলেন, "প্রতি বছরই এরকম উল্কাপাতের ঘটনা ঘটে। এ ধরনের ধূমকেতু পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে এলে এগুলির ধূলিকণা পৃথিবীর বায়ূমন্ডলে প্রবেশ করে এই উল্কাপাতের সৃষ্টি করে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 08:48 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রকৃতি বাধ না সাধলে আজ রাতে বাংলাদেশের মানুষ দেখতে পাবেন এক নৈসর্গিক দৃশ্য। মাঝরাত থেকে ভোর অব্দি পুরো আকাশ জুড়ে দেখা যাবে চমৎকার উল্কাবৃষ্টি। সূর্যকে প্রদক্ষিন করে যাওয়া এক ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণার সুবাদে তৈরি হবে এই নান্দনিক উল্কাপাতের দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই উল্কাপাত বাংলাদেশসহ উপমহাদেশের প্রায় সব জায়গা থেকেই দেখা যাবে। এ ব্যাপারে জ্যোতির্বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ আর খান বলেন, "প্রতি বছরই এরকম উল্কাপাতের ঘটনা ঘটে। এ ধরনের ধূমকেতু পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে এলে এগুলির ধূলিকণা পৃথিবীর বায়ূমন্ডলে প্রবেশ করে এই উল্কাপাতের সৃষ্টি করে।" বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারি এফ আর সরকার বললেন, "পারসিয়াস, জেমিনিড, লিওনিদ ইত্যাদি বিভিন্ন তারামন্ডলীর সুবাদে এরকম উল্কাপাত মাঝে মধ্যেই ঘটে। এবারের উল্কাপাতটি শুরু হয়েছে ২৪ জুলাই থেকে। তবে অমাবস্যার কারণে ১২ ও ১৩ আগস্টই সবেচেয়ে ভালো দেখা যাবে এই উল্কাপাত।" এফ আর সরকার ন্যাশনাল কো অর্ডিনেটর ইন বাংলাদেশ ফর ওয়ার্ল্ড স্পেস উইক এসোসিয়েশেন এর জেনারেল সেক্রেটারিও। সরকার জানান, উল্কাপাত দেখার সবচেয়ে ভালো সময় হলো সন্ধ্যা ও ভোর রাত। এই উল্কাপাতটি সবচেয়ে ভালো দেখা যাবে রাত ৩টা থেকে ভোর পর্যন্ত। 'সুইফট টাটেল' নামের এক ধূমকেতুর ধূলিকণা থেকে তৈরি হচ্ছে এই উল্কাপাত। ১৩৩ বছরে এই ধূমকেতু একবার সূর্যকে প্রদিক্ষণ করে। প্রতি বছরই জুলাই আগস্ট নাগাদ পৃথিবী ওই ধূলিকণামন্ডলের মধ্যে দিয়ে যায়। ফলে তখন উল্কাবৃষ্টি হয়। পারসিয়াস তারামন্ডলের দিক থেকে এই উল্কাবৃষ্টি হওয়ার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা একে পারসেইড মেটিওর শাওয়ার বলে থাকেন। ১৯৯৪ সালে ধানমন্ডি থেকে এরকমই এক উল্কাপাত দেখার অভিজ্ঞতা বর্ণনা করে এফ আর সরকার বলেন, "সেবারও বর্ষাকালেই হয়েছিলো উল্কাপাত। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকা সত্ত্বেও সেবার উল্কাবৃষ্টি দেখতে খুব অসুবিধে হয় নি।" ডক্টর এ আর খান এবং এফ আর সরকার নিয়মিতই এ ধরনের উল্কাপাতের দৃশ্য দেখেন। এবারও তারা পারসেইড মিটিওর শাওয়ার দেখবেন বলে জানালেন। এই ধরনের নৈসর্গিক ঘটনা প্রায়শ পর্যবেক্ষনের আয়োজন করে থাকে বাংলাদেশ অ্যাস্টোনমিক্যাল এসোসিয়েশন। এসোসিয়েশনের সাধারন সম্পাদক মশহুরুল আমিন মিলন জানালেন, "এর আগে লঞ্চে করে শীতলক্ষ্যায় গিয়ে আমরা লিওনিদ উল্কাবৃষ্টি দেখানোর আয়োজন করেছিলাম। এবারও আমাদের ইচ্ছা ছিল এরকম কিছু করার। কিন্তু বন্যার কারণে ও দুর্গতদের কথা মাথায় রেখে আমরা সে পরিকল্পনা বাদ দিয়েছি।" মহাকাশের ধূলিকণা বা ভারী কোন বস্তু তীব্র গতিতে পৃথিবীর বায়ূমন্ডলে ঢোকার সময় প্রচন্ড সংঘর্ষের ফলে জ্বলে ওঠে ও অগ্নিষ্ফুলিঙ্গ তৈরি করে। এর ফলেই দেখা যায় উল্কাপাত। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৩৯ ঘ