ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিলেত প্রবাসী কবি শামীম আজাদের কাব্যগ্রন্থ 'ওম' এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। শামীম আজাদ একই সঙ্গে কবি, গল্পকার ও ঔপন্যাসিক। প্রকাশনা উৎসবের শুরুতেই শামীম আজাদের পরিচিতি পর্বে গল্পকার অদিতি মহসিন শামীমের নামের আগে নানা বিশেষনের পাশে 'গল্প বলিয়ে' অভিধাটিও যোগ করেন। কারন বিলেতে শামীম একজন 'স্টোরি টেলার' হিসেবেও সমান জনপ্রিয়।
'ওম' শামীম আজাদের চতুর্থ কাব্যগ্রন্থ। বইটির প্রকাশনা উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের মিলনায়তনটি হয়ে উঠেছিলো কবিসভা। দেশের অনেক কবিই এসেছিলেন সেখানে।
বইয়ের মোড়ক উন্মোচন করেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক জুন রলিনস এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের উপদেষ্টা কে এম হাবিব উল্লাহ।
বইয়ের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আবু সায়ীদ, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কবি রবিউল হুসাইন, রফিক আজাদ ও গল্পকার অদিতি ফাল্গুনী।
অদিতি ফাল্গুনী তার বক্তব্যে বলেন, বিশুদ্ধ কবিতা স্বপ্নের মতোই মায়াময়। আর শামীম আজাদের মায়ার জগতে কবিতার অনুষঙ্গ হিসেবে এসেছে মানব মানবীর চিরকালীন প্রেম এবং সমকালীন রাজনীতি।
শামীম আজাদ তার বক্তব্যে বলেন, "এই দুঃসময়ে এরকম একটি আয়োজন অনিবার্য ছিল। এখন প্রকৃতি এবং রাজনীতি দুটোই দুর্যোগময়।"
কিন্তু আশার কথা রয়েছে তার 'বেনিআসহকলা' কবিতার প্রতিটি লাইনে। যেখানে কবি বলেছেন, 'নেশাগ্রস্ত হুলোস্থুল/সারা দীর্ঘ রাত/আমাকে ছুঁয়ে যায় তার সাতরঙা হাত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২২২১ ঘ.
bdnews24