২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের গান শুনিয়ে মুগ্ধ করলেন সোমা রায়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাই কমিশন মঙ্গলবার এক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। জাতীয় জাদুঘর মিলনাতয়নে আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 05:19 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ০৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাই কমিশন মঙ্গলবার এক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন করে। জাতীয় জাদুঘর মিলনাতয়নে আয়োজিত এই অনুষ্ঠানে গান পরিবেশন করেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের প্রেস ইনফরমেশন এন্ড কাইন্সিলর অজিত গুপ্ত অনুষ্ঠানে স্বাগত বক্ত্যব রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশ ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য প্রায় একই রকম। রবীন্দ্রনাথের উপন্যাস, গল্প, কবিতা, গান ও শিল্প দুই দেশের মানুষের কাছেই পরিচিত এবং জনপ্রিয়। তাই রবীন্দ্রনাথ শুধু ভারতের নয় বাংলাদেশেরও নাগরিক।" এরপর "তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা" গান দিয়ে অনুষ্ঠানের মুল পর্বের সুচনা করেন শিল্পী সোমা রায়। একে একে তিনি তোমার পুজার ছলে তোমায় ভুলে থাকি, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, কাল রাতের বেলায় গান এল, বড় বিস্ময় লাগে, তোমার খোলা হাওয়ায়, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙ্গল ঝড়ে সহ আরো ৭টি গান পরিবেশন করেন। তার সুরেলা কণ্ঠের জাদুতে পুরো মিলনায়তনে ছিলো পিনপতন নিস্তব্ধতা। পরে তিনি শ্রোতাদের অনুরোধে আরো দুটি গান গেয়ে শোনান। সোমা রায়ের সঙ্গে তবলায় ছিলেন কমলেশ রায়, এস্রাজে প্রেমাংশু সেন, কি-বোর্ডে সুনীল সরকার এবং মন্দিরায় নাজমুল আলম। সোমা রায় রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি কণিকা ব্যানার্জীর সান্নিধ্য পাওয়া গুটি কয়েক ছাত্রছাত্রীর মধ্যে অন্যতম। তিনি বিশ্বভারতী থেকে রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর করেছেন। এছাড়া রবীন্দ্র সদন, কলকাতা ও অল ইন্ডিয়া রেডিওর একজন সন্মানিত শিল্পী তিনি। তার প্রকাশিত অডিও অ্যালবামের মধ্যে 'বিচিত্রের নর্ম বাঁশী' ও 'হে একা সখা' উল্লেখযোগ্য। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২৩০২ ঘ.