২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব ধরনের উৎসব বর্জন করেছে বলিউড

ভারতের বিনোদন জগতে এমন সময় বোধ হয় আর আসেনি। পুরো ইন্ড্রাস্ট্রি থমকে গেছে সঞ্জয়ের কারাবাসের ঘটনায়। সব ধরনের আনন্দ উৎসব বর্জন করেছেন বলিউডের সকলেই। খবর ভারতীয় ওয়েবসাইটের। সব কাজ শেষে সঞ্জয় দত্তের 'ধামাল' ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল। কিন্তু এই অবস্থায় ছবি রিলিজের কথা কেউ ভাবতেই পারছে না। একই অবস্থা সঞ্জয় অভিনীত আলীবাগের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2007, 11:31 AM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের বিনোদন জগতে এমন সময় বোধ হয় আর আসেনি। পুরো ইন্ড্রাস্ট্রি থমকে গেছে সঞ্জয়ের কারাবাসের ঘটনায়। সব ধরনের আনন্দ উৎসব বর্জন করেছেন বলিউডের সকলেই। খবর ভারতীয় ওয়েবসাইটের। সব কাজ শেষে সঞ্জয় দত্তের 'ধামাল' ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল। কিন্তু এই অবস্থায় ছবি রিলিজের কথা কেউ ভাবতেই পারছে না। একই অবস্থা সঞ্জয় অভিনীত আলীবাগের। পরিচালক রাজকুমার হিরানী 'মুন্নাভাই চলে আমেরিকা'র কাজ শুরুর অপেক্ষায় ছিলেন। এখন সেটা শুরু করতে হলে সঞ্জয়কে বাদ দিয়ে করতে হবে। ছবির প্রযোজক বিধু বিনোদ চোপড়া সঞ্জয়ের ব্যাপারে খুবই আবেগপ্রবণ। তাকে ছাড়া তিনি এই ছবি করবেন না। সঞ্জয়ের যে সব ছবি অর্ধ সমাপ্ত হয়ে আছে সেসব ছবির প্রযোজকরাও জানিয়ে দিয়েছেন অন্য কাউকে দিয়ে তারা ছবি শেষ করবেন না। সঞ্জয়ের জন্য তাদের যতোদিন অপেক্ষা করতে হয় করবেন। সঞ্জয়ের ঘনিষ্ট সবাই কাজ বাদ দিয়ে এখন স্রেফ সঞ্জয়কে নিয়ে ভাবছেন। সুনীল শেঠী, সঞ্জয় গুপ্তসহ অনেকেই কী করে সঞ্জয়কে জেল থেকে বের করে আনা যায় তার শলা পরামর্শেই ব্যস্ত। সব ধরনের উৎসব বন্ধ। অনিল কাপুরের সঙ্গে সঞ্জয়ের খুব ভালো সম্পর্ক ছিল না কখনো। তিনিও তার প্রথম আলোচিত ছবি 'গান্ধী, মাই ফাদার' ছবির মুম্বাই প্রিমিয়ার বাতিল করেছেন। কাপুর বলেছেন, " খবরটা শোনার পর আমার ছবি নিয়ে যতো উত্তেজনা ছিল সব মিইয়ে গেছে। ঘনিষ্ট বন্ধুদের জন্য 'গান্ধী মাই ফাদার' ছবির প্রদর্শনীরও আয়োজন করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আর প্রিমিয়ার হয়নি সেভাবে।" একইভাবে বাতিল হয়ে গেছে রবি চোপড়ার 'নয়া দৌড়' এর প্রিমিয়ার। রবি বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে 'নয়া দৌড়' এর প্রিমিয়ারটা বাতিল করতে হলো। কিংবদন্তীতুল্য অভিনেতা দিলীপ কুমার আর বৈজয়ন্তিমালার আসার কথা ছিল। কিন্তু সঞ্জয়ের ঘটনা পুরো ইন্ড্রাস্ট্রিকে বিষাদের মেঘে ছেয়ে দিয়েছে।" অনুভব সিনহার 'ক্যাশ' ছবির প্রিমিয়ারও হয়নি। সিনহা বলেছেন, "সঞ্জয়ের সাপোর্ট ছাড়া আমি 'দাস' ছবিটি বানাতে পারতাম না। তার কারণেই ওই ছবিতে সুনীল শেঠী, অভিষেক বচ্চন, শিল্পা শেঠীর মতো বড়ো তারকাদের নিতে পেরেছিলাম। ওরা কেউই এর আগে আমার মতো ছোট পরিচালকের সঙ্গে কাজ করেন নি। সঞ্জয়ের মামলার রায় যখন শুনলাম তখন 'ক্যাশ' মুক্তির সব আনন্দ উত্তেজনা উবে গেল। সঞ্জুর এতো কষ্ট, এটা মেনে নেয়া যায় না।" এইসব তারকা বন্ধুরাই সঞ্জয়ের জন্য কিছু একটা করতে চাইছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২৭ ঘ